যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক নিহত হয়েছেন এবং ৮৯ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ জুন) বিকেল ৫টা ১৫ মিনিটে বেডফোর্ডের বাইরে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাজ্যের ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত গুরুতর, ২২ জন গুরুতর আহত এবং ৫৬ জন তুলনামূলকভাবে কম আঘাত পেয়েছেন।

রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

লন্ডন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং একজন চালকের মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।

ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের তথ্য অনুযায়ী, একটি ট্রেন নটিংহ্যাম থেকে এবং অন্যটি করবি থেকে সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কী কারণে সংঘর্ষ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

যুক্তরাজ্য রেলের পূর্ব মিডল্যান্ড বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (১৯ জুন) ৩টা ৫০ মিনিটে নটিংহ্যাম থেকে একটি ট্রেন দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। কাছাকাছি সময়ে করবি শহর থেকে একই স্টেশনের দিকে যাচ্ছিল আরেকটি ট্রেন। কোনো প্রকার সংকেত, বা কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ ঘটে ট্রেন দু’টির।

পিটার ন্যাপ নামের এক যাত্রী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে জানিয়েছেন, “হঠাৎ আমি আমার আসন থেকে ছিটকে পড়লাম এবং সামনে ধোঁয়া দেখতে পেলাম। মানুষজন কাঁদছিল, চিৎকার করছিল; খুব বিভ্রান্ত অবস্থায় ছিল তারা। আমি ওঠার পর দেখলাম আশেপাশে অনেকের হাত-পা ভেঙে গেছে, অনেকে এমনকি কথা বলার অবস্থাতেও নেই।” সূত্র: এপি