যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার রেশ এবার ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলেও। উসকানি দেওয়া হলে বাহরাইনে আরও দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার একজন শীর্ষ উপদেষ্টা।
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বাহরাইন সরকারকে উদ্দেশ্য করে এক কঠোর বিবৃতি দিয়েছেন।
আধা-সরকারি সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ’-এর প্রতিবেদন অনুসারে বেলায়তি বলেছেন, "বাহরাইনিদের তাদের নিজস্ব সীমা সম্পর্কে জানার জন্য এবং নিজেদের ভাগ্য নিয়ে এ ধরনের খেলায় মেতে না ওঠার জন্য একটি গুরুতর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তারা যেন ইরানকে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করে।"
এই হুঁশিয়ারির প্রেক্ষাপট মূলত গত শুক্র ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতে ইরানের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তেহরানের দাবি, মার্কিন প্রশাসন এই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে ব্যবহার করে ইরানের মূল ভূখণ্ডে আক্রমণ পরিচালনা করছে। যদিও পারস্য উপসাগরীয় অন্যান্য দেশগুলো আমেরিকার বিরুদ্ধে আনা ইরানের এই অভিযোগটি অস্বীকার করেছে।
অন্যদিকে, বাহরাইনের রাজধানী মানামা এই সাম্প্রতিক ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বাহরাইন সরকারের মতে, এই হামলা তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সরাসরি লঙ্ঘন করেছে এবং এই অঞ্চলে চলমান সামরিক উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা বজায় রাখার সুযোগগুলোকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।
উল্লেখ্য যে, বাহরাইনে একটি বিশাল শিয়া মুসলিম জনসংখ্যা রয়েছে। এই অভ্যন্তরীণ সমীকরণের মাঝে, তেহরানের সাথে গোপন সামরিক যোগাযোগ বা সম্পর্ক থাকার অভিযোগে গত কয়েক মাসে বাহরাইন প্রশাসন দেশটির অভ্যন্তর থেকে বহু মানুষকে গ্রেপ্তার করেছে। এই অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই ইরানের পক্ষ থেকে বাহরাইনকে সরাসরি এই চরম সামরিক হুঁশিয়ারি দেওয়া হলো। সূত্র: আল জাজিরা