দেয়াল ভাঙতেই মিললো কোটি টাকার সোনা

বেলজিয়ামে একটি বাড়ি সংস্কারের সময় বেসমেন্টের দেয়ালের ভেতর থেকে বিপুল পরিমাণ সোনার বার ও মুদ্রা উদ্ধার করেছেন নির্মাণশ্রমিকরা। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৯০ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করা হয়েছে।

পূর্ব ফ্ল্যান্ডার্সের একটি বাড়িতে নতুন পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর জন্য দেয়ালে ড্রিল করছিলেন শ্রমিকরা। এ সময় দেয়ালের ভেতরে সিল করা অবস্থায় সোনার বার ও মুদ্রা দেখতে পান তারা।

শ্রমিকদের মধ্যে থাকা ১৮ বছর বয়সী কোবি জানান, প্রথমে তারা মুদ্রাগুলোকে সাধারণ ১ ইউরোর কয়েন মনে করেছিলেন। পরে একটি সোনার খণ্ড দেখতে পেয়ে তারা বুঝতে পারেন, দেয়ালের ভেতরে বড় কিছু লুকানো রয়েছে। বিষয়টি দেখে তারা অবিশ্বাস ও বিস্ময়ে হতবাক হয়ে যান।

ঘটনার পর দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বাড়িটি তল্লাশি করে উদ্ধার করা সব সোনা নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং তদন্ত শুরু করে। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এত বিপুল পরিমাণ সোনা সেখানে কীভাবে লুকানো হয়েছিল এবং এর প্রকৃত মালিককে।

বাড়িটির বর্তমান মালিক ডেন্ডারমন্ডের জনকল্যাণমূলক সংস্থা সিএডাব্লিউ ওয়েস্ট-ভ্যান্ডারেন। সংস্থাটির পরিচালক গিয়ার্ট হিলার্ট জানান, খবরটি শুনে তিনি বিস্মিত হয়েছেন। তিনি আশা করছেন, শেষ পর্যন্ত সম্পদটি তাদের প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা সম্ভব হবে।

এদিকে পুলিশ সাধারণ মানুষকে গুপ্তধনের সন্ধানে ওই নির্মাণাধীন বাড়িতে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

বেলজিয়ামের আইন অনুযায়ী, প্রকৃত মালিক চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই গুপ্তধনের মালিকানা দাবি করতে পারবেন। তবে পাঁচ বছরের মধ্যে কেউ বৈধভাবে দাবি না করলে এবং এটি কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় বলে তদন্তে প্রমাণিত হলে, আইন অনুযায়ী সম্পত্তির মালিক ও আবিষ্কারকারীর মধ্যে সম্পদ ভাগ হওয়ার সুযোগ রয়েছে।

এখন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উদ্ধার করা সোনার মালিকানা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।