নেপালে বন্যায় ভেসে আসা লকার লুট, আটক ২৯

হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে লন্ডভন্ড হয়ে পড়েছে নেপালের বিভিন্ন অঞ্চল। এতে প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি দেখা দিয়েছে একের পর এক চাঞ্চল্যকর অপরাধের ঘটনা।

সম্প্রতি বন্যায় ভেসে আসা একটি ব্যাংকের লকার ভেঙে টাকা লুটের ঘটনায় ২৯ জনকে আটক করেছে পুলিশ। রাসুয়া জেলার ভোটেকোশি নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়া লকারটি ধাদিংয়ের ত্রিশূলী নদীর তীরে পাওয়া যায়।

তীরে লকারটি আটকে থাকার খবর পেয়ে স্থানীয় একদল লোক সেটি ভেঙে ভেতরে থাকা অর্থ লুটে নেয়। গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নগদ টাকাসহ ২৯ জনকে গ্রেপ্তার করে।

উদ্ধার করা অর্থের পরিমাণ ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি, যা ভারতীয় বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা। ধাদিংয়ের গালছি, আদমঘাট ও আশপাশের এলাকার ১৯ থেকে ৪৯ বছর বয়সী ব্যক্তিরা এই চক্রে জড়িত।

লুটের অর্থের প্রকৃত মালিক বা ব্যাংকের পরিচয় নিশ্চিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি চলমান প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই বানের পানিতে ভেসে আসা এক নারীর লাশ থেকে অলংকার চুরির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ সরকারি তথ্যানুযায়ী, দুর্যোগে নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬৯ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজের সংখ্যা প্রায় ২,৪২৬ জন।

নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিকও রয়েছেন। বন্যাকবলিত দুর্গম এলাকাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে বর্তমানে উদ্ধারকারী দলের ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি