খাবারে সিসা মিশিয়ে স্বামী-ছেলে ও ভাতিজাকে হত্যার চেষ্টা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে খাবারের সঙ্গে প্রাণঘাতী সিসা মিশিয়ে স্বামী, ছেলে ও ভাতিজাকে হত্যার চেষ্টার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, স্বামীর সম্পত্তি ও জীবনবিমার অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে খাবারে সিসা মিশিয়ে আসছিলেন ওই নারী।

অভিযুক্ত নারীর নাম রেণু ভাটনগর। গত সোমবার (২৩ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে ইন্দিরাপুরম থানার পুলিশ। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইন্দিরাপুরম থানার অধীন বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর পেশায় ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তিনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। একই ধরনের শারীরিক সমস্যায় ভুগছিল তার ছেলে ও ভাতিজাও।

পরিবারের সদস্যদের বারবার অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করান সুশীল। পরীক্ষায় তার শরীরে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি ধরা পড়ে। প্রতিবেদন পাওয়ার পর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এরপর বিষ প্রয়োগের সন্দেহে গত ২৪ সেপ্টেম্বর পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন সুশীল। অভিযোগে স্ত্রী রেণু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাকে, তার ছেলে এবং ভাতিজাকে হত্যার চেষ্টা করার অভিযোগ তোলেন তিনি।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেণু অপরাধের কথা স্বীকার করেছেন। লোভের বশবর্তী হয়ে তিনি এ কাজ করেছেন বলেও জানিয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, সুশীলের মালিকানাধীন ট্রাভেল এজেন্সির আনুমানিক মূল্য ৫ থেকে ৬ কোটি রুপি। পাশাপাশি তার নামে রয়েছে ২ কোটি রুপির জীবনবিমা, যার একমাত্র নমিনি স্ত্রী রেণু।

পুলিশের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর সম্পত্তি ও বিমার অর্থ পাওয়ার আশায় খাবারের সঙ্গে সিসা মেশানোর পথ বেছে নেন রেণু। স্বামী, ছেলে ও ভাতিজাকে হত্যার উদ্দেশ্যেই তিনি এ কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এসজেড
আরও পড়ুন