যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে হঠাৎ সৃষ্টি হওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় এক পর্যটকের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। আকস্মিক প্লাবনে পানির প্রবল স্রোতে নদীর ওপর নির্মিত পদব্রজে ভ্রমণের সেতু (ফুটব্রিজ) দুমড়েমুচড়ে গেছে এবং বহু পর্যটক ও হাইকার আটকা পড়েছেন।
পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কলোরাডো নদীর ক্রিস্টাল র্যাপিডসের কাছ থেকে ৪৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র্যাঞ্চ অঞ্চলে একাধিক শক্তিশালী ঝড়ের পর শনিবার দুপুর থেকেই এই বন্যা শুরু হয়। নিখোঁজদের সন্ধানে পার্ক সার্ভিস ও অ্যারিজোনা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত অন্তত ৬২ জনকে হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যার পানির স্রোতে ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের প্রায় সবকটি ফুটব্রিজ ভেঙে গেছে এবং নদীর গতিপথ বদলে বিশাল ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে কলোরাডো নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এছাড়া পাহাড়ি ঢলে উদ্যানটির প্রধান খাবার পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। সামনে ‘লেবার ডে’ ছুটির সপ্তাহান্ত থাকায় পর্যটকদের জন্য পার্কে প্রবেশ ও সুযোগ-সুবিধা সাময়িকভাবে সীমিত করা হয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় ক্যানিয়ন এলাকায় পাথর ধস ও নতুন করে প্লাবনের আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।