একীভূত আয়ারল্যান্ড দেখতে ‘খুবই আগ্রহী’: ট্রাম্প

আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি একীভূত আয়ারল্যান্ড দেখতে ‘খুবই আগ্রহী’ এবং এটি ‘খুব দ্রুত’ ঘটে গেলেই ভালো হয়। শনিবার (১২ সেপ্টেম্বর)  বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

দ্য গাডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কোনো ঝামেলা তৈরি করতে চাই না, তবে আমি আপনাদের বলছি, আমি আয়ারল্যান্ডকে একীভূত দেখতে খুবই আগ্রহী।’

আমার যেভাবে মনে হয়, এটি শেষ পর্যন্ত ঘটেই যাবে, এটি একটি দারুণ ব্যাপার হবে বলে যোগ করেন তিনি। যুক্তরাজ্যের অধীনস্থ উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক স্পর্শকাতরতার বিষয়টি টেনে ট্রাম্প বলেন, স্বভাবতই এ বিষয়ে যুক্তরাজ্যের কিছু বলার থাকবে।

তবে ট্রাম্পের এই মন্তব্যকে বহু দশকের সতর্ক মার্কিন কূটনীতির পরিপন্থী এবং একটি ‘বোমা ফাটানো’ বক্তব্যের মতো দেখা হচ্ছে। যা উত্তর আয়ারল্যান্ডের ইউনিয়নপন্থী (যারা যুক্তরাজ্যের সঙ্গে থাকতে চায়) রাজনৈতিক দলগুলোকে ক্ষুব্ধ করেছে।

উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) ট্রাম্পের এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, আয়ারল্যান্ডের সাংবিধানিক ভবিষ্যৎ লন্ডন, ডাবলিন বা ওয়াশিংটনের মন্তব্যে নির্ধারিত হবে না, বরং তা বেলফাস্ট চুক্তির আওতায় উত্তর আয়ারল্যান্ডের জনগণের গণতান্ত্রিক ইচ্ছার ওপরই নির্ভর করবে।