একতরফা বিশ্বব্যবস্থার পুনরুত্থান ঠেকানোর আহ্বান পেজেশকিয়ানের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

একতরফা সিদ্ধান্তনির্ভর বিশ্বব্যবস্থার পুনরুত্থান ঠেকিয়ে বহুপক্ষীয়তা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের রুদ্ধদ্বার বৈঠকে তিনি বলেন, বড় বা ছোট, সব দেশের অধিকার নিশ্চিত করতে না পারলে কোনো বৈশ্বিক শাসনব্যবস্থার গ্রহণযোগ্যতা টেকসই হতে পারে না।

পেজেশকিয়ান বলেন, বর্তমান বিশ্বে অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা ও বহুপক্ষীয়তা জোরদারের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। যুদ্ধ, গণহত্যা ও আগ্রাসনের মুখে মানুষের জীবন ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হলে বহুপক্ষীয় ব্যবস্থার বৈধতাই প্রশ্নের মুখে পড়বে।

ইরানি প্রেসিডেন্টের ভাষ্য, অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থার অর্থ হলো প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি সমান সম্মান, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, বহুপক্ষীয়তাকে কার্যকর অর্থনৈতিক সহযোগিতায় রূপ দেওয়া এবং একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আরও জোরালো অবস্থান নেওয়া।

তিনি সতর্ক করে বলেন, জাতিসংঘ সনদ যদি অবৈধ শক্তিপ্রয়োগ থেকে রাষ্ট্রগুলোকে রক্ষা করতে না পারে এবং আন্তর্জাতিক আইন যদি কারও জন্য বাধ্যতামূলক হলেও অন্যদের ক্ষেত্রে ব্যাখ্যার সুযোগ রেখে দেওয়া হয়, তাহলে সেটিকে প্রকৃত বহুপক্ষীয়তা বলা যায় না।

এ প্রসঙ্গে গাজা ও লেবাননের বেসামরিক মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক ব্যবস্থার দ্বৈত মানদণ্ডের অভিজ্ঞতা পেয়েছে। জাতিসংঘের নিষ্ক্রিয়তার কারণে একতরফাবাদ, যুদ্ধংদেহী মনোভাব ও নৃশংসতা আরও প্রকট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈশ্বিক বাস্তবতার পরিবর্তন এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ক্রমবর্ধমান ভূমিকার সঙ্গে সামঞ্জস্য রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারেরও আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন