ইরানি বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিরোধিতা

ইরানি বিমান সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে চীন। বেইজিং বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফাভাবে আরোপ করা নিষেধাজ্ঞার তারা ধারাবাহিকভাবে বিরোধিতা করে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নেই, এমন অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।

চীনের এই অবস্থান এসেছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানি বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার একদিন পর। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, কয়েক দিনের মধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার চাপে বিশ্বের সব ইরানি বিমান সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর অংশ হিসেবে ইরানি বিমান সংস্থাগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তি ছাড়া একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বেইজিংয়ের অবস্থান দীর্ঘদিনের। এ ধরনের পদক্ষেপকে চীন সমর্থন করে না।

এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার এবং ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা সম্প্রসারণের একটি নতুন আইনে স্বাক্ষর করেন। ওই আইন নিয়েও চীন সমালোচনা করেছিল।

ইরানি বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপের মধ্যেই চীন আবারও একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করল। সূত্র:মেহর নিউজ এজেন্সি