লোহিত সাগরে জরুরি সংকেতের পর মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার নিখোঁজ

সৌদি আরবের পশ্চিম উপকূলসংলগ্ন লোহিত সাগরের আকাশে উড্ডয়নের সময় জরুরি সংকেত দেওয়ার পর মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, কল সাইন ভিভিএইচআর৫১২ ব্যবহার করা সিকোরস্কি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারটি সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জরুরি সংকেত পাঠায়। ওই সময় হেলিকপ্টারটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৭৫ ফুট উচ্চতায় উড়ছিল।

জরুরি সংকেত পাওয়ার পর ট্র্যাকিং সার্ভিসে হেলিকপ্টারটির উচ্চতা শূন্য দেখাতে শুরু করে। এর কিছুক্ষণ পরই সেটির সঙ্গে ট্র্যাকিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে হেলিকপ্টারটি কেন জরুরি সংকেত দিয়েছিল, সেটি কোথায় রয়েছে এবং এতে থাকা ক্রুদের কী অবস্থা—এসব বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি প্রতিবেদনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা সামরিক কর্তৃপক্ষ এখনো এ দাবির আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেনি।

সূত্র: আনাদোলু এজেন্সি