শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতের বাংলাদেশকে আরও শক্তিশালী করতে শিশুদের মানবিকতা ও মূল্যবোধ ধারণ করে বেড়ে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ২০২৮ সাল থেকে সরকারি কার্যক্রম পুরোদমে শুরু হবে। শিশুদের নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারলে ভবিষ্যতে তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাই প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মানবিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা মানবিকতা ও মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতের বাংলাদেশকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।

এর আগে সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ১৫০ শিশু ফুল দিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত শেষে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত