ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনে কর্মরত ২৭ জন ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট সোমবার (৫ অক্টোবর) এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স এই সতর্কবার্তা ইসরায়েলি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন। এর ফলে দুই দেশের মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলা সম্পর্ক আরও চাপের মুখে পড়েছে।
গত মাসে যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। লন্ডনের দাবি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ বা ‘এথনিক ক্লিনজিং’ চলার অভিযোগের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েল পশ্চিম তীরে নতুন করে প্রায় ১ হাজার ২০০টি বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণার পর যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত আসে। আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে বিবেচনা করা হয় এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনা হয়েছে।
যুক্তরাজ্যের বাণিজ্যিক পদক্ষেপের জবাবে ইসরায়েলি পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধের পরিকল্পনা ঘোষণা করে। ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক কাজকর্মে এই কনস্যুলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরায়েলের এমন সিদ্ধান্তের জবাবে এবার পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিল যুক্তরাজ্য। লন্ডনে নিযুক্ত ২৭ জন ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের এই বার্তা দুদেশের কূটনৈতিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।