সাবেক সোভিয়েত মিত্রদের ওপর পুতিনের নিয়ন্ত্রণ কী কমছে?

রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটে আর্মেনিয়ার অনুপস্থিতি এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর বিকল্প নিরাপত্তা অংশীদারত্বের দিকে ঝোঁক—সব মিলিয়ে মস্কোর আঞ্চলিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) মস্কোয় শুরু হতে যাওয়া কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বিষয়টি বড় কূটনৈতিক পরীক্ষা হয়ে উঠতে পারে।

সিএসটিওর কালেকটিভ সিকিউরিটি কাউন্সিলের অধিবেশনে সভাপতিত্ব করবেন পুতিন। রাশিয়ার নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর এই সামরিক জোটে রয়েছে রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান। তবে জোটের সদস্য হয়েও আর্মেনিয়া ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে কার্যক্রমে অংশগ্রহণ স্থগিত রেখেছে।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান গত ৫ নভেম্বর বলেছেন, সিএসটিও নিয়ে তাঁদের আগ্রহের সময় শেষ হয়ে এসেছে। জোটের কার্যক্রমে দেশটির কার্যত অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও।

আর্মেনিয়া ও রাশিয়ার সম্পর্কের অবনতির পেছনে রয়েছে আজারবাইজানের সঙ্গে নাগোরনো-কারাবাখ নিয়ে সংঘাত। ২০২০ সালের যুদ্ধে আর্মেনীয় বাহিনী পরাজিত হওয়ার পর ইয়েভান অভিযোগ করে, সিএসটিও সদস্যরা জোটের মূল নিরাপত্তা অঙ্গীকার অনুযায়ী তাদের পাশে দাঁড়ায়নি।

জোটের সনদে সদস্যদেশের বিরুদ্ধে আগ্রাসন হলে পারস্পরিক সহায়তার নীতি থাকলেও ওই যুদ্ধে রাশিয়া কিংবা অন্য সদস্যদেশগুলো আর্মেনিয়াকে সহায়তায় সেনা পাঠায়নি। অথচ দেশটিতে রাশিয়ার দুটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে কয়েক হাজার সেনা ও সীমান্তরক্ষী অবস্থান করেন।

অন্যদিকে, আজারবাইজান ১৯৯৯ সালেই সিএসটিও ছেড়ে দিয়েছিল। দেশটি রাশিয়ার কাছ থেকে বিপুল অর্থের অস্ত্র কেনার পাশাপাশি তুরস্ক ও ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করে সামরিক সক্ষমতা বাড়ায়। যুদ্ধ পরিচালনায় আধুনিক প্রযুক্তি ও নতুন কৌশলও তাদের বিজয়ে ভূমিকা রাখে।

২০১৮ সালে রাশিয়াপন্থী নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর ক্ষমতায় আসেন পাশিনিয়ান। এরপর থেকেই মস্কোর সঙ্গে তাঁর সরকারের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার চেষ্টা জোরদার করেছে আর্মেনিয়া।

রাশিয়ার ব্যস্ততা কাজে লাগাচ্ছে আর্মেনিয়া?

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া বর্তমানে সামরিক ও অর্থনৈতিক চাপে রয়েছে। ফলে মস্কোর আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আর্মেনিয়া তুলনামূলকভাবে বেশি সুযোগ পাচ্ছে।

লন্ডনভিত্তিক সেন্ট্রাল এশিয়া ডিউ ডিলিজেন্স থিংক ট্যাংকের প্রধান আলিশের ইলখামভ আলজাজিরাকে বলেন, ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোয় ইউক্রেনের হামলার কারণে মস্কো দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আর্মেনিয়ার পদক্ষেপ নেওয়ার সময়টি গুরুত্বপূর্ণ।

মলদোভাভিত্তিক মধ্য এশিয়া বিষয়ক বিশ্লেষক গালিয়া ইব্রাহিমোভা মনে করেন, সিএসটিওতে আর্মেনিয়ার ভোটাধিকার কেড়ে নেওয়ার উদ্যোগ অন্য সদস্যদের কাছে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। তাঁর মতে, রাশিয়ার ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল দেশগুলো মস্কোর বিরোধিতা করতে খুব বেশি আগ্রহী হবে না।

ইউক্রেন যুদ্ধেও জোটের সীমাবদ্ধতা

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর সিএসটিওর কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন দেখা দেয়। জোটের কোনো সদস্যই রাশিয়াকে সামরিক সহায়তা দিতে সেনা পাঠায়নি।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে কাজাখস্তানে ব্যাপক বিক্ষোভের সময় রাশিয়া নেতৃত্বাধীন সিএসটিও কয়েক হাজার শান্তিরক্ষী মোতায়েন করেছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে জোটের সদস্যদের এমন কোনো সামরিক সংহতি দেখা যায়নি।

বিশ্লেষক ইব্রাহিমোভার মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক সক্ষমতা নিয়ে যে ধারণা ছিল, তা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। তাঁর দাবি, সিএসটিওর সদস্যদের কাছে রাশিয়ার বিক্রি করা কিছু অস্ত্রকে আধুনিক ও সাশ্রয়ী বলা হলেও সেগুলোর অনেকই পুরোনো প্রযুক্তির।

তুরস্কের নেতৃত্বে বিকল্প সামরিক সহযোগিতা

রাশিয়ার প্রভাব বলয়ের বাইরে বিকল্প নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রও তৈরি করছে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো। এর মধ্যে রয়েছে তুরস্কের নেতৃত্বাধীন অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটস। আজারবাইজান ও মধ্য এশিয়ার কয়েকটি দেশ এই কাঠামোর সঙ্গে যুক্ত।

গত সেপ্টেম্বর নাগোরনো-কারাবাখ ও কাস্পিয়ান সাগর উপকূলে তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তানের হাজারো বিশেষ সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়। এতে জাহাজ দখল, প্যারাট্রুপার অবতরণ এবং ড্রোন ব্যবহার করে হামলা ও গোলাবারুদ সরবরাহের অনুশীলন করা হয়।

এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে আজারবাইজান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান যৌথ সামরিক মহড়া চালায়।

মস্কো উজবেকিস্তানকে আবারও সিএসটিওতে ফিরিয়ে আনার চেষ্টা করলেও সফল হয়নি। দেশটি ১৯৯৯ সালে জোট ছাড়ে, ২০০৬ সালে আবার যোগ দেয় এবং ২০১২ সালে সদস্যপদ স্থগিত করে পর্যবেক্ষক রাষ্ট্রের ভূমিকা বেছে নেয়।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়েভ একদিকে রাশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন এবং মস্কোর গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বাড়াচ্ছেন। গত অক্টোবরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উজবেকিস্তান সফরও এই বহুমুখী কূটনীতির একটি উদাহরণ।

মস্কোর সামনে নতুন বাস্তবতা

বিশ্লেষকদের মতে, রাশিয়ার প্রতি আনুগত্য নিয়ে আজারবাইজান ও উজবেকিস্তানের মতো দেশগুলোর অবস্থান আগের তুলনায় স্বাধীন হয়ে উঠছে। তবে মস্কো এখনো এসব দেশের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে মূলত মৌখিক অসন্তোষ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

এই পরিস্থিতিতে মস্কোর নিরাপত্তা সম্মেলন শুধু সিএসটিওর আনুষ্ঠানিক বৈঠক নয়; বরং সাবেক সোভিয়েত ভূখণ্ডে রাশিয়ার নেতৃত্ব কতটা গ্রহণযোগ্য রয়েছে, তারও একটি পরীক্ষা।

আর্মেনিয়ার সঙ্গে দূরত্ব, উজবেকিস্তানের বাইরে থাকার সিদ্ধান্ত এবং তুরস্কের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলোর সামরিক সহযোগিতা—সব মিলিয়ে রাশিয়ার একক প্রভাবের জায়গায় বহুমুখী কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ে উঠছে। তবে এসব পরিবর্তনকে রাশিয়ার প্রভাব পুরোপুরি শেষ হয়ে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই। বরং সাবেক সোভিয়েত অঞ্চলে মস্কোর নেতৃত্ব এখন আগের চেয়ে বেশি প্রতিযোগিতার মুখে পড়ছে।