ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলার জন্য ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) দায়ী করার পর প্যারিসকে কটাক্ষ করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফ্রান্স নিজেদের ফ্রিজও সামলাতে পারে না, অথচ দেশের মানুষের বিক্ষোভ মোকাবিলা না করে অন্যদের ওপর দোষ চাপাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফারসি ভাষায় দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্স সরকার নিজেদের ফ্রিজের ব্যবস্থাপনাও ঠিকভাবে করতে পারে না। দেশের মানুষের বিক্ষোভ মোকাবিলায়ও তারা ব্যর্থ। নিজেদের অদক্ষতা আড়াল করতে অন্যদের দায়ী করছে দেশটি।
পোস্টে আরও বলা হয়, ইরান শক্তিশালী হলেও ফ্রান্সের মতো গাজায় গণহত্যার প্রতি সমর্থন কিংবা স্কুল ও হাসপাতালে বোমা হামলার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কয়েক ঘণ্টা আগে প্রকাশিত ইংরেজি ভাষার বক্তব্যেরই প্রতিধ্বনি ছিল মন্ত্রণালয়ের এই পোস্ট। আরাগচি বলেছিলেন, নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে ফ্রান্স।
মঙ্গলবার ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, দেশটির শত শত সুপারমার্কেটে সাইবার হামলার পেছনে ছিল ‘শহিদ কাভেহ’ নামের একটি আক্রমণাত্মক সাইবার ইউনিট। ফ্রান্সের দাবি, ইউনিটটির সঙ্গে আইআরজিসির যোগসূত্র রয়েছে।
ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১১ ও ১২ অক্টোবর দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের রেফ্রিজারেশন বা হিমায়নব্যবস্থার নিয়ন্ত্রণে সাইবার হামলা চালানো হয়। এতে কয়েকটি স্থানে আগুন লাগে এবং কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এসব অভিযোগের সত্যতা নিয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
সূত্র: আল-জাজিরা