চীনে চিপ সরবরাহ এবং চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যবসায়ীর সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক ক্রমেই গভীর হচ্ছে। নতুন কিছু প্রতিবেদনে এসব অভিযোগ সামনে আসার পর মাত্র দুই কার্যদিবসে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪৩০ বিলিয়ন ডলার কমে গেছে।
মঙ্গলবার একাধিক নতুন অভিযোগ প্রকাশের পর বিষয়টি আরও জটিল আকার নেয়। অভিযোগ উঠেছে, অ্যালিস হুয়াং নামের এক চীনা ব্যবসায়ীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের কারণে চীনে অন্তত ৭৫০ কোটি ডলারের এনভিডিয়া চিপ সরবরাহ সম্ভব হয়েছে। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোয়েন্দা তথ্য জানিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
এ ঘটনায় ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। একই সঙ্গে চীনে মার্কিন প্রযুক্তিপণ্য, বিশেষ করে চিপ রপ্তানির ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, এনভিডিয়ার স্বাধীন পরিচালকেরা অভিযোগ তদন্তে বাইরের আইনজীবী নিয়োগ করেছেন।
সিনেটের ব্যাংকিং কমিটির রিপাবলিকান সদস্য কেভিন ক্রেমার জেনসেন হুয়াংকে সিইও পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে পলিটিকোকে তিনি বলেন, এ ঘটনায় ব্ল্যাকমেইলের আশঙ্কা অত্যন্ত বেশি। এনভিডিয়ার চিপের মতো সংবেদনশীল প্রযুক্তির বিষয় বিবেচনায় তাঁর মতে, হুয়াংয়ের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।
এই বিতর্কে হুয়াংয়ের ব্যক্তিগত আচরণ এখন এনভিডিয়ার জন্য বড় ধরনের ঝুঁকিতে পরিণত হয়েছে। এতে কোম্পানিটির পরিচালনা ব্যবস্থা এবং তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়া সিইওর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বাজারে এনভিডিয়াকে শীর্ষ সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিণত করেছেন হুয়াং।
কোম্পানিটির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক তিনি। তবে তাঁর হাতে সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার নেই। এনভিডিয়ার সাংগঠনিক কাঠামোও তুলনামূলকভাবে সরল; কয়েক ডজন শীর্ষ নির্বাহী সরাসরি তাঁর কাছে জবাবদিহি করেন।
এদিকে, ৬৩ বছর বয়সী হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা আলাদাভাবে খতিয়ে দেখছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। হুয়াং কর্মীদের জানিয়েছেন, তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক ভঙ্গ করেছিলেন। তবে ওই সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রুদ্ধদ্বার বৈঠকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের কাছে ক্ষমা চান হুয়াং। পরে তিনি ব্যবসায়িক বিষয়ে আলোচনা করেন। মঙ্গলবার কোম্পানির সদর দপ্তরেও নিয়মিত বৈঠক করেছেন তিনি।
এনভিডিয়া জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে এমন কোনো তথ্য নেই, যার ভিত্তিতে মনে করা যায় যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপন তথ্যের ক্ষতি হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন হুয়াংও।
তদন্তের নেতৃত্ব দিতে ওয়াচটেল লিপটনের অংশীদার জুন কিমকে নিয়োগ দিয়েছে পরিচালনা পর্ষদ। তিনি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের সাবেক ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি। অভ্যন্তরীণ তদন্ত এবং আর্থিক অপরাধসংক্রান্ত আইনি প্রতিরক্ষায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।
বিতর্ক সামনে আসার আগে চলতি বছরে এনভিডিয়ার শেয়ারের দামে তেমন পরিবর্তন ছিল না। তবে খবর প্রকাশের পর থেকে কোম্পানিটির শেয়ারের দাম ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। এআই খাতে বিপুল বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যেই শেয়ারবাজারের সামগ্রিক প্রবৃদ্ধির তুলনায় পিছিয়ে পড়েছে এনভিডিয়া।
ট্রাম্প কখন বিষয়টি জেনেছিলেন?
নিউইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, গত মে মাসে চীন সফরে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে তাঁকে বলা হয়েছিল, জেনসেন হুয়াং এমন এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত, যাঁকে চীনা গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সাত মাসের মধ্যে অন্তত দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে এ বিষয়ে গোয়েন্দা তথ্য জানানো হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে পত্রিকাটি।
সোমবার ট্রাম্প বলেছিলেন, তিনি হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন এবং ওই নারী গুপ্তচর কি না, তা হুয়াং জানতেন কি না জানতে চেয়েছেন। জবাবে হুয়াং তাঁকে বলেছেন, এ বিষয়ে তাঁর ‘একেবারেই কোনো ধারণা ছিল না’। ট্রাম্প আরও বলেন, তিনি এনভিডিয়া প্রধানের কথা বিশ্বাস করেন।
ট্রাম্পের দাবি, গত মে মাসে হুয়াং তাঁর সঙ্গে চীন সফরে গেলেও ওই নারীর সঙ্গে তাঁর কথিত সম্পর্কের বিষয়ে তিনি কিছু জানতেন না। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়েছেন এবং এ বিষয়ে ট্রাম্পের সোমবারের বক্তব্যের দিকে রয়টার্সকে দৃষ্টি আকর্ষণ করেছেন।
চাক শুমার মঙ্গলবার বলেন, হুয়াংয়ের পক্ষে ট্রাম্পের অবস্থানের বিষয়ে কংগ্রেসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া প্রয়োজন। পাশাপাশি চীনে মার্কিন চিপ রপ্তানির ওপর নতুন বিধিনিষেধ দ্রুত অনুমোদনের জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
শুমার বলেন, ট্রাম্পের দায়িত্ব যুক্তরাষ্ট্রকে সুরক্ষা দেওয়া, চীন বা তাঁর বন্ধুদের নয়। তাঁর অভিযোগ, মার্কিন প্রযুক্তি খাতে বিদেশি গুপ্তচরবৃত্তির ঝুঁকি মোকাবিলায় ট্রাম্প ব্যর্থ হয়েছেন।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস মঙ্গলবার কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, এনভিডিয়ার সিইওর সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক নিয়ে সতর্ক করে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে অত্যন্ত গোপনীয় একটি স্মারকলিপি পাঠানো হয়েছিল। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে বাণিজ্য বিভাগ ও এনভিডিয়া তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
কে এই অ্যালিস হুয়াং?
দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তাঁর স্বামী ও বোনকে সঙ্গে নিয়ে চীন ও সিঙ্গাপুরে বিভিন্ন কোম্পানির একটি নেটওয়ার্ক গড়ে তোলেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এনভিডিয়ার চিপ সংগ্রহ করা হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার চিপের অর্ডার আটকে গেলে অ্যালিস হুয়াং এনভিডিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক কাজে লাগিয়ে চিপ সরবরাহ নিশ্চিত করতেন বলে অভিযোগ উঠেছে। এর মাধ্যমে প্রায় ২ লাখ ৪০ হাজার H100, H200 এবং কিছু A100 চিপ চীনে পাঠানো সম্ভব হয়েছিল বলে দ্য ইনফরমেশনের প্রতিবেদনে দাবি করা হয়।
এসব চিপের কিছু অংশ শেষ পর্যন্ত আলিবাবা, টেনসেন্ট এবং চীনের কয়েকটি ছোট এআই গবেষণাগারে ব্যবহৃত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মন্তব্য জানতে অ্যালিস হুয়াংয়ের অবস্থান শনাক্ত করতে পারেনি রয়টার্স।
অ্যালিস হুয়াং এর আগে সাংহাইয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। পরে তিনি সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন। প্রতিষ্ঠানটির সঙ্গে চীনভিত্তিক কোম্পানি সেঞ্চুরি লিটংয়ের সম্পর্ক রয়েছে। ২০২৩ সালে এনভিডিয়ার কাছ থেকে অগ্রাধিকারভিত্তিক ক্লাউড অংশীদারের মর্যাদা পায় সেঞ্চুরি লিটং। এর ফলে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপ সংগ্রহে অগ্রাধিকার পাওয়ার সুযোগ পায়।
এদিকে, ফিন্যান্সিয়াল টাইমস মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি সংস্থা মেগাস্পিডকে বাণিজ্য বিভাগের নিষিদ্ধ প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছিল। চীনের সঙ্গে সংশ্লিষ্ট এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত প্রতিষ্ঠানগুলোকে এ তালিকায় রাখা হয়। তবে মার্কিন বাণিজ্য বিভাগ প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করার প্রক্রিয়া বিলম্বিত করছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তালিকাভুক্তির বিষয়টি বিবেচনায় থাকা কয়েকটি কোম্পানি সম্পর্কে আরও তথ্য চেয়েছিল বাণিজ্য বিভাগ। ওই কোম্পানিগুলোর মধ্যে মেগাস্পিড ছিল কি না, তা স্পষ্ট নয়। তবে বিলম্বের কারণে প্রতিষ্ঠানটি এখনো নিষিদ্ধ তালিকার বাইরে রয়েছে।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি মার্কিন বাণিজ্য বিভাগ ও এনভিডিয়া। আলিবাবা, টেনসেন্ট, মেগাস্পিড এবং সেঞ্চুরি লিটংয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স এসব প্রতিবেদনের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
সূত্র: রয়টার্স
সৌদিতে হুথি হামলা ও ইরানের হুমকি নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা
রুবিওর বক্তব্যে বেজায় চটেছেন আরাগচি
জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
৫ বর্গমিটারের ঘরের ভাড়া ৫০০ ডলার
ব্রাজিলের নির্বাচনে ‘অ্যালগরিদমিক কারসাজি’: মেটাকে ১৩ লাখ ডলার জরিমানা