শত্রুর বোমাবর্ষণেও থামবে না অস্ত্র উৎপাদন: ইরানের সামরিক প্রধান

শত্রুপক্ষের ব্যাপক বোমাবর্ষণের মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ সামরিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে বলে দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভিকে পাঠানো এক বার্তায় তিনি এ দাবি করেন।

আবদুল্লাহি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনশিল্প এমন পর্যায়ে পৌঁছেছে যে শত্রুপক্ষের তীব্র হামলা ও বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা নেই। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত মেজর জেনারেল হাসান তেহরানি মুকাদ্দামের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বার্তাটি প্রকাশ করা হয়। 

২১ আবান (ইরানি বর্ষপঞ্জি অনুযায়ী ১২ নভেম্বর) তার শাহাদাতের ১৫ বছর পূর্ণ হচ্ছে। একই ঘটনায় তার কয়েকজন সহকর্মীও নিহত হয়েছিলেন। বার্তায় আবদুল্লাহি ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত প্রয়াত কমান্ডার, বিশেষজ্ঞ, সামরিক সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মরণ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া ‘দ্বিতীয় ও তৃতীয় পবিত্র প্রতিরক্ষা’ যুদ্ধে মুসাভির নেতৃত্বে অর্জিত সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান।

নতুন হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি

ইরানের সামরিক প্রধান বলেন, দেশটির জন্য যে স্থানই হুমকি হয়ে উঠবে, সেটিকে অসমমিত সামরিক অভিযানের সরাসরি লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অতীতে যে আঘাত হেনেছে, তা কেবল শুরু। নতুন করে কোনো ভুল হিসাব করলে আরও ভয়াবহ হামলার মুখে পড়তে হবে।

আবদুল্লাহির ভাষ্য, এই হুঁশিয়ারি কেবল বক্তব্য নয়; বরং ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও বাস্তবতার ভিত্তিতে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশ বাস্তবায়নে ইরানের সশস্ত্র বাহিনী এক মুহূর্তও দ্বিধা করবে না। ইসলামি প্রজাতন্ত্রের অস্তিত্বের বিরুদ্ধে হুমকির কেন্দ্র হিসেবে বিবেচিত যেকোনো স্থান অসমমিত অভিযানের সরাসরি লক্ষ্যবস্তু হবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

এর আগে মঙ্গলবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন অনুষ্ঠানে আবদুল্লাহি বলেছিলেন, শত্রুর সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তিনি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সসহ সামরিক বাহিনীর সদস্যদের ইরানের প্রকৃত বীর হিসেবে অভিহিত করেন এবং ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরক্ষায় তাদের ভূমিকার প্রশংসা করেন।