তেহরানে ৩ ও ৪ ডিসেম্বর ইকো শীর্ষ সম্মেলন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

ইরানের রাজধানী তেহরানে আগামী ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইকো)-এর সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন। বুধবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, এ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ইরান সদস্যরাষ্ট্রগুলোর জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে আনতে পারে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক সম্পৃক্ততা বাড়াতেও সম্মেলনটি ভূমিকা রাখবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে আরেফ বলেন, তেহরানে এ সম্মেলন আয়োজনের মাধ্যমে সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

এদিকে তুরস্কে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ ইরানের প্রেসিডেন্টের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে আরেফ পরিবেশ সুরক্ষায় মৌলিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সম্মেলনগুলোতে ইরান ধারাবাহিকভাবে সক্রিয় ও গুরুত্বের সঙ্গে অংশ নিয়ে আসছে। পরিবেশ সুরক্ষার প্রতিও দেশটির দৃঢ় অঙ্গীকার রয়েছে।

তবে উন্নত দেশগুলোর পরিবেশনীতি নিয়ে সমালোচনা করেন ইরানের এই ভাইস প্রেসিডেন্ট। তার অভিযোগ, কয়েক দশক ধরে উন্নত দেশগুলো নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের ক্ষতি করেছে। অথচ এখন তারাই উন্নয়নশীল দেশগুলোকে পরিবেশ রক্ষার দায়িত্ব পালনে বাধ্য করছে। আরেফ বলেন, উন্নত দেশগুলো নিজেদের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের সময় কার্বন ব্যবহারে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। কিন্তু বর্তমানে তারা কার্বন ব্যবহার সীমিত করার পক্ষে অবস্থান নিচ্ছে।

তার দাবি, কার্বন নিঃসরণ কমানোর বিধিনিষেধ তেলসম্পদসমৃদ্ধ দেশ ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব বিধিনিষেধের মাধ্যমে উন্নত দেশগুলো অন্য দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক উদ্যোগে ইরানের অংশগ্রহণ অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করে আরেফ বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষায় কার্যকর এবং মৌলিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি।

উল্লেখ্য, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইকো) আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত একটি আন্তঃসরকারি সংস্থা।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত