যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার অভিযোগ, ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকানোর কথা বলে দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হলেও এখন আবার হুমকি দিয়ে কূটনৈতিক সমাধানের কথা বলছে ওয়াশিংটন।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন পেজেশকিয়ান। তুরস্কে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) শুরুর আগে তিনি এ মন্তব্য করেন। পোস্টে ইরানের প্রেসিডেন্ট লেখেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার দাবি তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল। এরপর তারা লামার্দে প্রথমবারের মতো ‘পিআরএসএম’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি।
পেজেশকিয়ান আরও বলেন, এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের হুমকি দিয়ে কূটনীতি এগিয়ে নেওয়ার কথা বলছে। তার ভাষায়, এতে কোনো বৈপরীত্য নেই, বরং এটি লজ্জাজনক। বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কারা, এ প্রশ্নও তোলেন তিনি।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পেজেশকিয়ান
বুধবার সকালে কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তেহরান থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন ইরানের প্রেসিডেন্ট। যাত্রার আগে তাকে বিদায় জানান দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ, সর্বোচ্চ নেতার কার্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্য।
দুই দিনের এ সফরে সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে পেজেশকিয়ানের। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনে প্রায় ১৯৬টি দেশ অংশ নেবে। এর মধ্যে ৭১টি দেশের প্রতিনিধিত্ব করবেন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পর্যায়ের নেতারা।
তেহরানে ৩ ও ৪ ডিসেম্বর ইকো শীর্ষ সম্মেলন
অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন ‘বিদ্বেষপূর্ণ’: ভারত
ইসরায়েলিদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ