হুথিদের ‘সন্ত্রাসী’ ঘোষণা না করায় হতাশ ইয়েমেন

হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হওয়াকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তবে গোষ্ঠীটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা না করায় হতাশা প্রকাশ করেছে দেশটি।

জাতিসংঘে ইয়েমেনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সাদি বলেন, হুথিরা সামরিক অভিযান জোরদার করেছে এবং লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে নৌ-নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এমন এক সংকটময় সময়ে নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব এসেছে।

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়, আল-সাদি বলেন, নিরাপত্তা পরিষদ হুথি মিলিশিয়াদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করতে না পারায় তারা হতাশ। তাঁর ভাষায়, পরিষদ বিষয়গুলোকে যথাযথ নামে অভিহিত করতে পারেনি।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করে। এর মাধ্যমে ইয়েমেন সংঘাত-সংশ্লিষ্ট আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা