সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন এলাকায় সন্দেহভাজন হুথি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর মধ্যেই ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)।
বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের রিয়াদ অঞ্চল ও পূর্বাঞ্চলে সন্দেহভাজন হুথি ড্রোন প্রতিহত করা হয়েছে।
অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তাঁদের বাহিনী। এর মধ্যে রয়েছে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন এবং লোহিত সাগর উপকূলের ইয়ানবু তেল স্থাপনা।
সৌদি আরবের দাবি, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠানো হচ্ছে। যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।
ইয়াহিয়া সারি আরও দাবি করেন, ইয়েমেন সীমান্তের কাছাকাছি শারুরাহ বিমানবন্দরে একটি সামরিক কার্গো বিমান ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল। এ ছাড়া খামিস মুশাইত বিমানঘাঁটির দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
হুথি মুখপাত্রের দাবি, সৌদি রাজধানী রিয়াদে সৌদি আরামকোর সদর দপ্তরেও হামলা চালিয়েছে তাঁদের বাহিনী। তবে বুধবার সৌদি আরবের মক্কা অঞ্চলকে লক্ষ্য করে হামলার যে অভিযোগ রিয়াদ করেছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন তিনি।
অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত জোট জানিয়েছে, তারা বিভিন্ন রণাঙ্গনে হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। এসব অভিযানে হুথি নেতাদের পাশাপাশি যানবাহন, রসদ, অস্ত্র ও সামরিক অবস্থান লক্ষ্য করা হচ্ছে।
ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের বরাত দিয়ে জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে অভিযান ‘কাঙ্ক্ষিত লক্ষ্যের’ দিকে এগোচ্ছে।
চলমান সামরিক অভিযান পর্যালোচনা করতে বৃহস্পতিবার মারিব গভর্নরেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ‘ডন অব ইয়েমেন’ অভিযানে অংশ নেওয়া বিভিন্ন সামরিক ইউনিটের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
ইয়েমেন-সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো নিরাপত্তা পরিষদ
বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ইয়েমেন-সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে। এর আওতায় সম্পদ জব্দ এবং ভ্রমণে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ বহাল থাকবে। একই সঙ্গে সৌদি আরবে হুথি হামলা বন্ধেরও দাবি জানিয়েছে পরিষদ।
ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের কার্যকালও বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞার বিষয়ে সুপারিশ করে আসছে এই প্যানেল।
নিরাপত্তা পরিষদের সদস্যরা সব পক্ষকে উত্তেজনা বাড়াতে পারে—এমন পদক্ষেপ থেকে বিরত থাকার এবং আলোচনা ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সৌদি আরব ও ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতার প্রতিও সমর্থন জানিয়েছেন তাঁরা।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, হুথিদের সামরিক তৎপরতা বৃদ্ধি, সৌদি আরবে সমুদ্রপথ ও সীমান্ত অতিক্রম করে হামলা এবং বাণিজ্যিক জাহাজের প্রতি হুমকির নিন্দা জানিয়েছে পরিষদ।
তবে নিষেধাজ্ঞা কার্যকরের নামে নেওয়া কোনো পদক্ষেপ যেন মানবিক সহায়তা বা বেসামরিক মানুষের মৌলিক প্রয়োজনীয় পণ্য সরবরাহে বাধা না দেয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বৈধ বাণিজ্যিক কার্যক্রমও যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কোনো চূড়ান্ত লক্ষ্য নয়, বরং লক্ষ্য অর্জনের একটি উপায়। ইয়েমেনের পরিস্থিতি যত দ্রুত সম্ভব শান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখ ৩৩ হাজারের বেশি
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) বৃহস্পতিবার জানিয়েছে, আগস্টের শুরু থেকে ইয়েমেনে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত এক সপ্তাহেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ।
ওসিএইচএ বলেছে, সহিংসতায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবারগুলো ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে এবং মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বেসামরিক মানুষকে চড়া মূল্য দিতে হচ্ছে।
এদিকে আনসার আল্লাহ নামে পরিচিত হুথি আন্দোলনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ দিচ্ছে সৌদি আরব। এ বিষয়ে উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তবে ইউরোপীয় কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, এমন সিদ্ধান্ত ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে উদ্বেগ রয়েছে ইইউর।
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক মুখপাত্র আনোয়ার এল-আনুনি জানিয়েছেন, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সৌদি আরবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে জোটটি। তবে এ বিষয়ে চলমান কোনো নির্দিষ্ট আলোচনার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
সূত্র: আল-জাজিরা
সৌদির তেল স্থাপনায় হুথিদের নতুন হামলা
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র : আইআরজিসি উপদেষ্টা
ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে, তাহলে কী ঘটবে?
'হাইব্রিড হামলা' ঠেকাতে একজোট ইউরোপ