ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতা করলেও আড়ালে তাদের সমর্থন চেয়েছেন। আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন। দাবির সপক্ষে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কিছু খুদে বার্তাও সামনে এনেছেন তিনি।
গত শুক্রবার (১৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি এসব তথ্য ফাঁস করেন। তিনি জানান, বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোট যেন সরকার গঠন করতে না পারে, সেজন্য নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সাথে যোগাযোগ করা হয়।
তিবির ভাষ্যমতে, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটের পরদিন এবং ফলাফল ঘোষণার পরও এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকার চলাকালে তিনি নিজের মুঠোফোন ক্যামেরার সামনে ধরে বার্তাগুলো দেখানোর চেষ্টা করেন। তবে অস্পষ্টতার কারণে পর্দায় সেগুলো স্পষ্ট পড়া যায়নি।
এই ঘটনাকে নেতানিয়াহুর দ্বিমুখী চরিত্রের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন আহমাদ তিবি। তার মতে, লিকুদ পার্টি প্রকাশ্যে আরব দলগুলোর সাথে জোট বাঁধাকে অবৈধ বললেও নিজেদের প্রয়োজনে ঠিকই তাদের দ্বারস্থ হয়েছে।
ব্যক্তিগত আলাপচারিতা সাধারণত প্রকাশ করেন না বলে জানান তিবি। তবে নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর তিনি নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। ওই ভাষণে আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
এর আগে গত ১০ নভেম্বর নতুন নেসেটের অধিবেশনে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। সে সময় রা’আম বা জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট না গড়ার বিষয়ে সতর্ক করেন তিনি। এমনকি আরব এমপিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগও তোলেন।
নেতানিয়াহুর ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধী নেতা আইজেনকট একে ‘ঘৃণাপূর্ণ’ বলে আখ্যা দেন। পাশাপাশি আরব দলগুলোও প্রধানমন্ত্রীর মন্তব্যকে বর্ণবাদী ও উসকানিমূলক বলে নিন্দা জানায়।
সাক্ষাৎকারে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিবি বলেন, প্রকাশ্যে এক কথা বললেও আড়ালে তিনি নিজের ব্যক্তিগত উপদেষ্টাকে বারবার তিবির কাছে পাঠিয়েছেন। এমন আচরণকে সরাসরি ভণ্ডামি বলে অভিহিত করেন এই আরব আইনপ্রণেতা।
তিনি আরও দাবি করেন, চলতি সপ্তাহে নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রীও তার সাথে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন না দিয়ে নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়ার পরামর্শ দেন।
জবাবে তিবি স্পষ্ট জানিয়ে দেন, জয়েন্ট লিস্ট নতুন কোনো নির্বাচন চায় না। বরং তারা নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরকে ক্ষমতা থেকে সরাতে বদ্ধপরিকর।
তিবি অভিযোগ করেন, নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির সহায়তায় বেন গভির দেশের ২০ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।
অভিযোগ অস্বীকার লিকুদ পার্টির
আহমাদ তিবির তোলা সব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। দলটির পক্ষ থেকে এই দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
চ্যানেল ১২-কে দেওয়া বিবৃতিতে লিকুদ জানায়, যারা জাতীয় সংগীতের অবমাননা করে এবং ইসরায়েলি সেনাদের ক্ষতি করে, তাদের সাথে লিকুদ কখনোই হাত মেলায় না। উল্টো আরব দলগুলো নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করছে বলে দাবি করে দলটি।
অন্যদিকে, নির্বাচনে কারচুপির অভিযোগের কড়া জবাব দিয়েছেন আহমাদ তিবি। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রীর আরও দায়িত্বশীল আচরণ করা উচিত এবং দেশের ২০ লাখ আরব নাগরিককে এভাবে অপমান করা মোটেও কাম্য নয়।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল