যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধার করতে উড়ন্ত ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে সম্মুখসারির কয়েক কিলোমিটার এলাকাকে এখন ‘কিল জোন’ বা মৃত্যুফাঁদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেখানে যেকোনো মানুষের চলাচল দেখলেই হামলা চালাতে পারে বিস্ফোরকবাহী ড্রোন। ফলে আহত সেনাদের স্থলপথে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে আহত সেনাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিশেষ ধরনের উড়ন্ত ড্রোন তৈরি করেছে ইউক্রেনের প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইফল। ‘স্টারগেট’ নামের এই ড্রোনে স্ট্রেচারের মতো একটি বিশেষ কক্ষ রয়েছে। সেখানে আহত ব্যক্তিকে শুইয়ে ঢাকনা দিয়ে ঢেকে আকাশপথে সরিয়ে নেওয়া হয়।
ইয়েভগেন নামের এক ইউক্রেনীয় সেনা এই ড্রোনে উদ্ধার হওয়া প্রথম কয়েকজনের একজন। স্থলমাইনের বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দুই দিন সম্মুখসারিতে আটকে থাকার পর তার কাছে খবর আসে, আকাশপথে তাকে উদ্ধার করা হবে।
প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি ইয়েভগেন। তার ধারণা হয়েছিল, সহযোদ্ধারা তাকে সাহস দেওয়ার জন্য এমন কথা বলছেন। পরে অবশ্য স্টারগেট ড্রোনে করেই তাকে হাসপাতালে নেওয়া হয়। ড্রোনের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, গভীর রাতে একটি বিশেষ কক্ষে উঠে বসেন ইয়েভগেন। এরপর ঢাকনা দিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। উদ্ধার অভিযানের সময় তার হাতে একটি বন্দুকও ছিল।
কয়েকবার চেষ্টা করেও অভিযান শুরু করা সম্ভব হয়নি। প্রথম দুইবার রুশ হামলাকারী ড্রোনের উপস্থিতির কারণে অভিযান স্থগিত করা হয়। তৃতীয়বার ড্রোনটি উড্ডয়ন করে প্রায় ১০০ মিটার উচ্চতায় পৌঁছায়। পথে রাশিয়ার ইলেকট্রনিক জ্যামারের কারণে ড্রোনের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় কয়েক সেকেন্ডের জন্য ড্রোনটির নিয়ন্ত্রণ নেয় এর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। পরে আবার যোগাযোগ স্থাপিত হয়। পুরো উদ্ধার অভিযান শেষ করতে সময় লাগে প্রায় ১৫ মিনিট।
ড্রোনের সক্ষমতা
কার্বন ফাইবার দিয়ে তৈরি স্টারগেট ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ কিলোমিটার গতিতে উড়তে পারে। এটি সর্বোচ্চ ১৫০ কেজি ওজন বহন করতে সক্ষম। একবারে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে ড্রোনটি। প্রতিটির নির্মাণ ব্যয় প্রায় ৫০ হাজার ডলার। ইউক্রেনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান স্কাইফল জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি মাসে এক হাজার ড্রোন তৈরির লক্ষ্য রয়েছে তাদের।
এর আগে আহত সেনাদের উদ্ধারে স্থলভিত্তিক ড্রোন ব্যবহার করতো ইউক্রেন। তবে সেগুলোর গতি ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার। নদী, মাইনফিল্ড ও দুর্গম এলাকা পার হতেও সেগুলোকে সমস্যায় পড়তে হয়। এছাড়া সেগুলো সহজেই শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইউক্রেনের সেনাবাহিনী নতুন এই প্রযুক্তি নিয়ে সতর্ক আশাবাদী। দেশটির এক সামরিক কর্মকর্তা বলেছেন, ড্রোনটির কার্যকারিতা পুরোপুরি বুঝতে মাঠপর্যায়ে আরও অভিযান চালানো প্রয়োজন। তবে প্রাথমিকভাবে এটি আশাব্যঞ্জক মনে হচ্ছে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ড্রোনচালক ‘কেভিএন’ বলেন, আহত একজন মানুষকে বহন করার বিষয়টি তাকে আবেগাপ্লুত করেছিল। তার মতে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা ভবিষ্যতে অনেক সেনাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে নিতে সাহায্য করবে।
সূত্র: এএফপি, জাপান টাইমস