ইরানের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কঠোর বক্তব্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে। ইরান সরকারের দমন-পীড়ন ও মৃত্যুদণ্ডের ব্যবহারকে ‘অগ্রহণযোগ্য’ বলেও অভিহিত করেছেন তিনি। কিন্তু একই সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা, বেসামরিক মানুষের প্রাণহানি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে? জাতিসংঘের অবস্থান ও সংবাদ পরিবেশনের ধরন, দুই ক্ষেত্রেই এই প্রশ্ন তোলা প্রয়োজন।
সোমবার (১৬ নভেম্বর) ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে ইরান ইন্টারন্যাশনালের প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, ইরানে মানবাধিকার লঙ্ঘন ‘অগ্রহণযোগ্য’। জানুয়ারির বিক্ষোভে সরকারের দমন-পীড়ন বন্ধ করার মতো সরাসরি কোনো উপকরণ জাতিসংঘের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে আলোচনা করেছেন বলেও জানান জাতিসংঘ মহাসচিব।
ইরানে মানবাধিকার রক্ষার প্রশ্নে জাতিসংঘের উদ্বেগ ও বক্তব্যের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ দমন-পীড়ন, বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার গ্রেপ্তার কিংবা মৃত্যুদণ্ডের অপব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী হলে তার সমালোচনা অবশ্যই প্রয়োজন। কিন্তু আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রশ্নে একই মানদণ্ড সব রাষ্ট্রের জন্যই প্রযোজ্য হওয়া জরুরি।
গুতেরেসের বক্তব্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অনুপস্থিত
ইরান-বিষয়ক সাম্প্রতিক সংবাদ পরিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। ইরানের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুতেরেসের বক্তব্য গুরুত্ব পেলেও দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা এবং তার মানবিক পরিণতি নিয়ে তার আগের বক্তব্যগুলো একই প্রতিবেদনে অনুপস্থিত।
অথচ জাতিসংঘের নিজস্ব নথি বলছে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে সামরিক হামলার পর গুতেরেস প্রকাশ্যেই ওই হামলার নিন্দা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তি প্রয়োগ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বা ব্যবহার নিষিদ্ধ বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
একই বক্তব্যে ইরানের পাল্টা হামলারও সমালোচনা করেন গুতেরেস। অর্থাৎ তার অবস্থান ছিল সংঘাতের সব পক্ষের আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের পক্ষে। এরপর ২৫ মার্চের এক বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, যুদ্ধের কারণে মানবিক দুর্ভোগ ও বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব পড়ছে। ২ এপ্রিলের আরেক বক্তব্যে তার আহ্বান ছিল আরও সরাসরি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে এবং ইরানকে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে বলেন তিনি। বেসামরিক মানুষ ও অবকাঠামো সুরক্ষার ওপরও জোর দেন।
আন্তর্জাতিক আইন কি সবার জন্য সমান?
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলেছেন। ২৪ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে বিশেষজ্ঞরা ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ নিয়ে উদ্বেগ জানান। বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এবং স্কুল, হাসপাতালসহ সুরক্ষিত স্থাপনায় হামলার অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানান তারা। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলায় বেসামরিক মানুষ ও অবকাঠামোর ক্ষতির বিষয়টিও তুলে ধরেন।
এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে, ইরান সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যেমন আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহির দাবি রাখে, তেমনি অন্য রাষ্ট্রের সামরিক হামলায় বেসামরিক মানুষের মৃত্যু, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্যান্য বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির অভিযোগও সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেই তার ভূখণ্ডে অন্য রাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগ বৈধ হয়ে যায় না। জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক মানবিক আইনের মূলনীতি হলো- রাষ্ট্রের পরিচয়, রাজনৈতিক অবস্থান কিংবা আন্তর্জাতিক ক্ষমতা যা-ই হোক, আইন সবার জন্য সমান। কোনো পক্ষের অপরাধ অন্য পক্ষের অপরাধকে বৈধতা দেয় না।
সংবাদ পরিবেশনেও প্রয়োজন পূর্ণাঙ্গ প্রেক্ষাপট
গুতেরেসের সর্বশেষ বক্তব্যের সংবাদ পরিবেশনে আরেকটি বিষয় বিবেচনার দাবি রাখে। একটি নির্দিষ্ট প্রশ্নের জবাবে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবেদন তৈরি হলে সেটি স্বাভাবিক। কিন্তু পাঠককে পূর্ণাঙ্গ প্রেক্ষাপট জানানোও সংবাদমাধ্যমের দায়িত্ব। ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ তুলে ধরার পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলা নিয়ে তার আগের নিন্দা ও যুদ্ধ বন্ধের আহ্বানও উল্লেখ করা প্রয়োজন ছিল। তা না হলে পাঠকের মনে এমন ধারণা তৈরি হতে পারে যে জাতিসংঘ কেবল ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েই উদ্বিগ্ন, দেশটির ওপর বহিরাগত সামরিক হামলা নিয়ে তাদের কোনো অবস্থান নেই।
অন্যদিকে, গুতেরেসের সর্বশেষ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে কোনো বক্তব্য না থাকাকে তার সম্পূর্ণ নীরবতা বা দ্বৈত নীতি হিসেবে দেখানোও তথ্যগতভাবে যথাযথ হবে না। কারণ, এ বিষয়ে তার আগের প্রকাশ্য বক্তব্য ও জাতিসংঘের আনুষ্ঠানিক নথি রয়েছে।
জবাবদিহি হোক সব পক্ষের
জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রশ্নে ধারাবাহিক অবস্থানের ওপর। ইরানের জনগণের মানবাধিকার রক্ষা যেমন জরুরি, তেমনি সামরিক হামলা ও যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ইরানের সাধারণ মানুষের জীবন, নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। গুতেরেসের বক্তব্যের মূল্যায়ন তাই শুধু তিনি ইরান সরকারের সমালোচনা করেছেন কি-না, তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং দেখতে হবে, জাতিসংঘ প্রতিটি পক্ষের কর্মকাণ্ডের ক্ষেত্রে একই আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মানদণ্ড প্রয়োগ করছে কি-না।
মানবাধিকার কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার নয়, আবার ভূরাজনৈতিক স্বার্থের কারণে তা উপেক্ষা করার বিষয়ও নয়। ইরান, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যে রাষ্ট্রের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ উঠুক, তার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করাই হওয়া উচিত জাতিসংঘের মূল দায়িত্ব।