তুরস্কে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নেওয়া দেশগুলোর আলোচনায় দ্রুত অগ্রগতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শীর্ষ জলবায়ু কর্মকর্তা সাইমন স্টিয়েল। সম্মেলনের দ্বিতীয় ও শেষ সপ্তাহ শুরু হওয়ার আগে শনিবার (১৪ নভেম্বর) তিনি আলোচকদের দ্রুত সমঝোতায় পৌঁছানোর এবং কৌশলগত বিলম্ব এড়িয়ে চলার তাগিদ দেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব স্টিয়েল বলেন, প্রতিটি দেশের নিজস্ব অবস্থান ও মতামত রয়েছে। প্রতিটি শব্দ ও বাক্য নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব পক্ষের সমঝোতা ছাড়া সম্মিলিত সাফল্য সম্ভব নয়।
তিনি বলেন, ‘দ্বিতীয় সপ্তাহে প্রবেশের সঙ্গে সঙ্গে আমি পক্ষগুলোকে কঠিন বিষয়গুলো নিয়ে দ্রুত আলোচনা শুরু করতে এবং কৌশলগত বিলম্ব এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ, মূল্যস্ফীতিসহ নানা বৈশ্বিক সংকটের কারণে বিশ্বজুড়ে সরকারের অগ্রাধিকারের তালিকায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি কিছুটা পিছিয়ে পড়েছে। এর মধ্যেই এবারের সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো নিয়ে মতবিরোধ বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
পর্যবেক্ষকদের মতে, বড় তেল উৎপাদনকারী ও ভোক্তা দেশগুলো এমন কোনো চুক্তির বিরোধিতা করছে, যেখানে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমাতে নতুন বাধ্যতামূলক লক্ষ্য নির্ধারণ করা হবে। ফলে সম্মেলনের আয়োজক তুরস্ক এবং প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ার জন্য উচ্চাভিলাষী সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে উঠতে পারে।
গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রমের পথে রয়েছে। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব এড়াতে এই সীমা গুরুত্বপূর্ণ।
কপ৩১-এর আয়োজক তুরস্ক বৈশ্বিক বিদ্যুতায়ন সম্প্রসারণের একটি প্রস্তাবকে চুক্তির কেন্দ্রীয় বিষয় করতে চাইছে। দেশটির যুক্তি, গাড়ি, বয়লার, চুল্লি ও অন্যান্য যন্ত্রপাতিতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে দ্রুত কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।
তবে প্রস্তাবে বিদ্যুৎ অবশ্যই নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করতে হবে—এমন শর্ত নেই। এ কারণে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে আরও স্পষ্ট ও নির্দিষ্ট অঙ্গীকার চাওয়া পর্যবেক্ষক ও কয়েকটি দেশের প্রতিনিধিরা হতাশ হয়েছেন।
সৌদি আরব ও রাশিয়ার মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলো ঐতিহ্যগতভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করার ভাষার বিরোধিতা করে আসছে। অন্যদিকে ভারতসহ বড় উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর আপত্তি, এ ধরনের পদক্ষেপ তাদের উন্নয়ন ও জ্বালানি বেছে নেওয়ার স্বাধীনতা সীমিত করতে পারে। অতীতের জলবায়ু চুক্তিগুলোতেও এ ধরনের মতপার্থক্য সমঝোতার পথে বাধা হয়েছে।
এদিকে বিশ্বের সবচেয়ে বড় তেল ভোক্তা যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো সম্মেলনে অংশ নেয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক উষ্ণায়নকে ‘ভাঁওতা’ বলে অভিহিত করেছেন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্টিয়েল বলেন, এখন পর্যন্ত অংশগ্রহণকারীদের সম্পৃক্ততা গঠনমূলক রয়েছে। তবে কোন কোন বিষয়ে মতপার্থক্য রয়েছে, তা সবাই জানে।
টানা ৫ দিন ধরে শূন্য রেখায় আটকে আছেন এক নারী
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে ড্রোন, বাড়ানো হলো নিরাপত্তা
ঢাবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন নিয়ম, বহিরাগত প্রবেশেও কড়াকড়ি