সিরিয়ার সঙ্গে ২০ বছর আগের সহযোগিতা চুক্তি পুনরুজ্জীবনে একমত ইইউ

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রায় ২০ বছর আগের একটি সহযোগিতা চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে নতুন করে হালনাগাদ চুক্তি করার জন্য আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ২৭ দেশের এই জোট।

সোমবার (১৬ নভেম্বর) ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, সিরিয়ার বিনিয়োগ প্রয়োজন এবং দেশটিতে সফল রাজনৈতিক রূপান্তর জরুরি। ইউরোপ ও সিরিয়ার মধ্যে বাণিজ্য, রাজনৈতিক সংলাপ এবং ঘনিষ্ঠ সহযোগিতার একটি কাঠামো দ্রুত তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।

২০০৮ সালে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সঙ্গে ইইউর এই সহযোগিতা চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আসাদ সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকায় দুই পক্ষের কেউই চুক্তিতে পূর্ণাঙ্গভাবে স্বাক্ষর করেনি।

কাজা কালাস জানান, ব্রাসেলসের বৈঠকে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি নতুন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে চুক্তি হালনাগাদের আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়েছে। এখন কূটনীতিকেরা চুক্তির কারিগরি ও আইনি বিষয়গুলো নিয়ে কাজ করবেন।

ইইউর কূটনৈতিক বিভাগের তৈরি বৈঠকপূর্ব একটি নথিতে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে জোটটির উচ্চাভিলাষী পরিকল্পনার কথা তুলে ধরা হয়। বাশার আল-আসাদের পতনের দুই বছরেরও কম সময়ের মধ্যে দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারে এটি ইইউর অন্যতম বড় উদ্যোগ।

কাজা কালাস বলেন, সিরিয়ার সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। তা না হলে দেশটিতে যে শূন্যতা তৈরি হবে, অন্য পক্ষগুলো সেই সুযোগ কাজে লাগাবে।

তবে নতুন চুক্তির ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রাখতে চায় ইইউ। কালাস বলেন, মানবাধিকার বিষয়ে স্পষ্ট শর্ত থাকতে হবে। পাশাপাশি আসাদ সরকারের সময় সিরিয়া যেসব ইউক্রেনীয় ও জর্জীয় ভূখণ্ডকে স্বীকৃতি দিয়েছিল, সেগুলোর দখলদারত্বকে ইইউ স্বীকৃতি দেবে না—এ বিষয়টিও নিশ্চিত করতে হবে।

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ইইউর সাম্প্রতিক উদ্যোগের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত এল।

এর আগে ২০২৫ সালে সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে দেশটির ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় ইইউ। চলতি ২০২৬ সালের শুরুতে সিরিয়ার জন্য দুই বছর মেয়াদি ৬২ কোটি ইউরোর একটি সহায়তা প্যাকেজও ঘোষণা করে জোটটি। এর পরিমাণ প্রায় ৬৮ কোটি মার্কিন ডলার।

২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে। মাত্র ১১ দিনের এক সামরিক অভিযানে দেশটির ক্ষমতার পালাবদল ঘটে, যা সিরিয়া ও বিশ্বকে বিস্মিত করেছিল। এর মধ্য দিয়ে প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধেরও অবসান ঘটে।

দীর্ঘ সংঘাতে সিরিয়ার অর্থনীতি, অবকাঠামো ও সামাজিক কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশটির প্রায় ৬৮ লাখ মানুষ—মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ—দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছিলেন।

আসাদ সরকারের পতনের পর এরই মধ্যে ১০ লাখের বেশি সিরীয় শরণার্থী দেশে ফিরেছেন। প্রবাসে থাকা আরও লাখ লাখ সিরীয়ও দেশে ফিরে নতুন করে জীবন গড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন।

ইইউর এই উদ্যোগের মাধ্যমে সিরিয়ার পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের পথ আরও প্রসারিত হতে পারে। তবে নতুন চুক্তির অগ্রগতি নির্ভর করবে মানবাধিকারসহ নির্ধারিত শর্তগুলো কতটা বাস্তবায়িত হয়, তার ওপর।

সূত্র: আল-জাজিরা