৭ বছর পর আবার মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-কিম!

চলতি সপ্তাহে চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের অংশ হিসেবে চীন যাওয়ার পথে সোমবার (১৬ নভেম্বর) হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তবে বৈঠকটি হবে কি না, তা নির্ভর করছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর।

ট্রাম্প বলেন, চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। সেখানে কিম জং উনের সঙ্গেও দেখা হতে পারে। এমন বৈঠক হলে তা ভালো হবে এবং অনেক বিষয়ে অগ্রগতির সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

কিমের সম্ভাব্য উপস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, তিনি আসতে পারেন। তবে বিষয়টি পুরোপুরি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্পের সঙ্গে কিমের কয়েক দফা বৈঠক হয়েছিল। দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে ওই বৈঠকগুলো ছিল নজিরবিহীন। তবে এসব আলোচনায় উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে রাজি করানো যায়নি।

দ্বিতীয় মেয়াদেও কিমের সঙ্গে নতুন করে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করে আসছেন ট্রাম্প। তবে এর আগে এশিয়া সফরের সময়ও তিনি কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তা হয়নি।

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, কিমের সঙ্গে নতুন বৈঠকের তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে উত্তর কোরিয়াও বলেছে, এই মুহূর্তে আলোচনার প্রয়োজন দেখছে না তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিকে বৈরী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে দেশটি।

ট্রাম্পের বক্তব্যের বিষয়ে জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি।

এদিকে, এ সপ্তাহে চীনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্প, পুতিন ও সি চিন পিংয়ের সম্ভাব্য বৈঠক বিশ্ব পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানায়। পেসকভ আরও বলেন, কিম চীনে গেলে পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, সি চিন পিং ও পুতিনের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বাণিজ্য ও অর্থনীতির বিষয়গুলোও গুরুত্ব পাবে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিশ্লেষকেরা এসব আলোচনায় উল্লেখযোগ্য কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) কোরিয়া কর্মসূচির প্রধান ভিক্টর চা মনে করেন, ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি সি চিন পিংকে কিমকে চীনে আনার অনুরোধ জানিয়েছেন।

ভিক্টর চা বলেন, কিম যদি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হতে পারেন, তাহলে সেটি তাঁর জন্য বড় কূটনৈতিক সাফল্য হতে পারে। কারণ, এ তিন দেশই এশিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠক হলেও তা কিমের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।

তাঁর মতে, এপেক সম্মেলনের আয়োজক হিসেবে চীন হয়তো এমন বৈঠক আয়োজন করে মূল সম্মেলনের মনোযোগ অন্যদিকে সরাতে চাইবে না—এমন ধারণা রয়েছে। তবে সি চিন পিংয়ের বৈশ্বিক কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে একসঙ্গে গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে আসা তাঁর কাছে ইতিবাচক মনে হতে পারে।

ট্রাম্পের এই আগ্রহের পেছনে রয়েছে তাঁদের সর্বশেষ বৈঠকের সাত বছরের ব্যবধান। ২০১৯ সালে দুই নেতার সর্বশেষ শীর্ষ বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে মতপার্থক্য দূর করা সম্ভব হয়নি।

এরপর থেকে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কও জোরদার করেছে দেশটি। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে ২০২৪ সাল থেকে উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে বলে ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব। তাঁদের অধিকাংশই রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে মোতায়েন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প যদি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বড় ধরনের ছাড় দিতে চান, তাহলে তা এ অঞ্চলের যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে।

ট্রাম্প উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন। তবে পশ্চিমা দেশগুলো ও এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্ররা দেশটিকে আনুষ্ঠানিকভাবে এ মর্যাদা দিতে রাজি নয়। যদিও বিশেষজ্ঞদের ধারণা, পিয়ংইয়ংয়ের হাতে কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

সূত্র: রয়টার্স