চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ সিই-২৫এ প্রথমবারের মতো চালকসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। শনিবার (১৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে উড়োজাহাজটির এই পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।
চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক) জানিয়েছে, উড্ডয়নের সময় উড়োজাহাজটিতে দুজন পাইলট ও একজন ফ্লাইট-টেস্ট প্রকৌশলী ছিলেন। পুরো উড্ডয়নকালে উড়োজাহাজটি স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে এবং এর সব কর্মক্ষমতা সূচক প্রত্যাশা অনুযায়ী ছিল।
সিই-২৫এ কম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। মূলত আন্তনগর বাণিজ্যিক যাত্রী পরিবহনের জন্য এটি তৈরি করা হয়েছে। এতে ১৯ জন যাত্রী বহন করা যাবে। উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম উড়োজাহাজটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে। একবার চার্জে এর সর্বোচ্চ দূরত্ব ৪০০ কিলোমিটার।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি উড়োজাহাজটি প্রথমবারের মতো চালকবিহীন স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। কম্যাক, চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত উড়োজাহাজটির ১৯টি চালকবিহীন স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। উড়োজাহাজটির নকশা ও নির্মাণের পরবর্তী ধাপ হিসেবে এর টাইপ সার্টিফিকেট বা উড্ডয়ন-যোগ্যতার সনদের জন্য কম্যাকের করা আবেদন গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।