খ্রিষ্টানকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর ধর্ম হতে যাচ্ছে ইসলাম, বলছে মার্কিন গবেষণা

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থাটির বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২০২ কোটি থেকে বেড়ে ২০৩৫ সালে ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা ২২৭ কোটি থেকে বেড়ে ২৫২ কোটিতে দাঁড়াতে পারে।

গবেষণায় বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। বিপরীতে, খ্রিষ্টান জনসংখ্যা থাকবে ৩০০ কোটির সামান্য কম।

এদিকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। বর্তমানে মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া।

গবেষণার পূর্বাভাসে পশ্চিমা দেশগুলোর ধর্মীয় জনসংখ্যার গঠনে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রাপ্তবয়স্কদের ৬২ শতাংশ খ্রিষ্টান। তবে ২০৬৫ সালের মধ্যে এ হার ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে। দেশটিতে খ্রিষ্টান জনসংখ্যা ২০২০ সালের প্রায় ২১ কোটি ৭০ লাখ থেকে কমে ২০৭০ সালে ১৭ কোটি ৪০ লাখে দাঁড়াতে পারে।

কানাডায় ২০৩০ সালের মধ্যে মোট জনসংখ্যার অর্ধেকেরও কম হতে পারে খ্রিষ্টানদের অংশ।

ইউরোপেও খ্রিষ্টান জনসংখ্যা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণা অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে এ মহাদেশে খ্রিষ্টান জনসংখ্যা ৫০ কোটি ৫০ লাখ থেকে কমে ৩২ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে। একই সময়ে ইউরোপের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, উভয় ধর্মের জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটতে পারে সাব-সাহারান আফ্রিকায়। সেখানে উচ্চ জন্মহার এবং মানুষের গড় আয়ু বৃদ্ধির কারণে জনসংখ্যা বাড়ছে।

২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খ্রিষ্টানের বসবাস হতে পারে এই অঞ্চলে। এ সময় বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান জনসংখ্যার দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। দেশটিতে খ্রিষ্টান জনসংখ্যা ২৯ কোটি ৯০ লাখে পৌঁছাতে পারে।

পিউ রিসার্চ সেন্টারের এই পূর্বাভাসে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সময় বিবেচনায় নেওয়া হয়েছে। এতে জন্মহার, বয়সভিত্তিক জনসংখ্যার গঠন, ধর্মান্তর এবং অভিবাসনের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গবেষণা অনুযায়ী, এই ৫০ বছরে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ এবং খ্রিষ্টান জনসংখ্যা ৩০ শতাংশ বাড়তে পারে।