হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত, আগুনে পুড়ছে তিন ট্যাংকার: ইরানের সেনাবাহিনী

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নৌমাইনে আঘাতের পর তিনটি ট্যাংকারে আগুন ধরে গেছে এবং সেগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

সেনাবাহিনীর দাবি, বুধবার অনুমোদনহীন সামুদ্রিক এলাকায় প্রবেশ করে নিয়মকানুন লঙ্ঘন এবং ইরানি নৌবাহিনীর বারবার সতর্কবার্তা উপেক্ষা করার পর জাহাজগুলো মাইনে আঘাত পায়। এতে সেগুলোতে আগুন ধরে যায়।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, দিনের শুরু থেকেই জাহাজগুলো ওই এলাকায় চলাচল করছিল এবং এ সময় তাদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল।

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালিতে একই ধরনের অনুমোদনহীন পথে চলাচলের সময় তৃতীয় একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

সংস্থাটি বলেছে, গত দুই সপ্তাহে ওই এলাকায় নৌমাইনে আঘাত হানা জাহাজের সংখ্যা ‘নজিরবিহীন’।

হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে—যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমন আশ্বাসের ওপর নির্ভর করার ঝুঁকির সঙ্গেও এসব ঘটনার যোগসূত্র টেনেছে আইআরজিসি নৌবাহিনী। মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে ওই এলাকায় চলাচলের ঝুঁকি উপেক্ষা না করতে ট্যাংকার মালিকদের সতর্ক করেছে তারা। সংস্থাটির ভাষ্য, আগের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে হামলা চালাতে এই জলপথ ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বশেষ হামলা শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

পরবর্তী সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা স্মারকের আওতায় জুনে ৬০ দিনের জন্য প্রণালিটি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হয়। সমঝোতা বাস্তবায়নে ইরান ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ (পিজিএসএ) গঠন করে। তবে যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে পরে আবারও প্রণালি বন্ধ করে দেয় তেহরান।

কৌশলগত এই জলপথ ঘিরে চলমান পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে দুই দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছে ইরান।

প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটন ইরানের শর্ত পূরণ করলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ, ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি নিশ্চিত করেছেন, প্রস্তাবটি এখনো বহাল রয়েছে। তাঁর ভাষায়, এটি এখনো ‘টেবিলে রয়েছে। অর্থাৎ, বাস্তব কোনো পদক্ষেপ নিতে হলে এখন যুক্তরাষ্ট্রকেই সাড়া দিতে হবে।’

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত, আগুনে পুড়ছে তিন ট্যাংকার: ইরানের সেনাবাহিনী
আরও পড়ুন
সর্বশেষপঠিত