ইরানের সামরিক বাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা অর্জন করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি মোকাবিলা এবং দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে এই সক্ষমতা আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
রোববার (২৩ নভেম্বর) দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, ইরান ও দেশটির জনগণের ওপর শত্রুপক্ষের হুমকি ঠেকানোর একমাত্র উপায় হলো টেকসই প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা। বর্তমানে দেশটি ‘না যুদ্ধ, না শান্তি’—এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে গতানুগতিক রাজনৈতিক বিতর্কের বাইরে এসে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর কার্যক্রমের পাশাপাশি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির বিচক্ষণতা, দৃঢ়তা ও কৌশলগত সিদ্ধান্তের ফলে ইরান সামরিক প্রতিরোধের একটি অবস্থান তৈরি করতে পেরেছে।
গালিবাফের ভাষ্য অনুযায়ী, গত দুই বছরে অপারেশন ট্রু প্রমিজ থেকে শুরু করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১২ দিন ও ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ—এসব পরিস্থিতিতে দেশটির সামরিক সক্ষমতায় অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, এসব অভিজ্ঞতার পর শত্রুপক্ষ বুঝতে পেরেছে, ৪০ দিনের আগ্রাসনের মতো আরেকটি যুদ্ধ ইরানের বিরুদ্ধে শুরু করা তাদের পক্ষে সহজ হবে না। এ কারণে তারা এখন ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল করা, অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং দেশের ভেতর থেকে রাষ্ট্রব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে।
শত্রুপক্ষের এসব পরিকল্পনা মোকাবিলায় জাতীয় ঐক্য, সংহতি এবং টেকসই সামরিক প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন ইরানের পার্লামেন্ট স্পিকার।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রথম দফায় ১২ দিনব্যাপী সামরিক অভিযান চালায়। এরপর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার হামলা শুরু হয়, যা ৪০ দিন পর এপ্রিলের শুরুর দিকে থামে।
ইরানের দাবি, দুই দফা সংঘাতেই দেশটির প্রতিরোধ এবং পাল্টা সামরিক অভিযানের মুখে হামলাকারীরা যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হয়। দ্বিতীয় দফার সংঘাতের শুরুর দিক থেকেই হরমুজ প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। এ সময় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন তৎপরতার মধ্যেও প্রণালিটির নিয়ন্ত্রণ ধরে রাখার কথা জানিয়েছে তেহরান।
সূত্র: প্রেস টিভি