অর্থনৈতিক চাপ, মনস্তাত্ত্বিক প্রচারণা ও জনগণের আস্থা দুর্বল করার মাধ্যমে ইরানে অস্থিরতা সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।
রোববার (২২ নভেম্বর) গ্রেটার তেহরান আইআরজিসির কমান্ডার ও বাসিজ সদস্যদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। ইজাদি বলেন, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর প্রতিপক্ষ এখন ইরানের সামাজিক সংহতি দুর্বল করার দিকে মনোযোগ দিয়েছে।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে তাঁর বক্তব্যে বলা হয়, প্রতিপক্ষ হতাশা ছড়ানো, অর্থনৈতিক চাপ বাড়ানো এবং মানুষের চিন্তা ও মতামতকে প্রভাবিত করার চেষ্টা করছে। এর মাধ্যমে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্য রয়েছে তাদের।
ইজাদি বলেন, প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখা এবং মানুষের চিন্তা-চেতনায় প্রভাব বিস্তারের চেষ্টা ও মনস্তাত্ত্বিক অভিযান মোকাবিলা করা আইআরজিসি ও বাসিজের অন্যতম প্রধান দায়িত্ব।
ইরানি কর্মকর্তাদের ভাষায় ‘জিহাদ অব ক্ল্যারিফিকেশন’ বা সত্য ও সঠিক তথ্য তুলে ধরার প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, ভুল তথ্যের প্রচার মোকাবিলা, বিকৃত বয়ান সংশোধন এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জনমত প্রভাবিত করার প্রচেষ্টা মোকাবিলায় বাসিজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এই সামরিক কর্মকর্তা।
তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ
আইআরজিসি ও বাসিজের জন্য কয়েকটি অগ্রাধিকারমূলক কাজের কথা তুলে ধরেন ইজাদি। এর মধ্যে রয়েছে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা ও সংগঠিত কার্যক্রম বাড়ানো, স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদার, সামরিক ইউনিটগুলোর প্রস্তুতি বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড সম্প্রসারণ।
তিনি বলেন, মানুষের সামাজিক চাহিদা পূরণ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা, সামাজিক সংহতি বাড়ানো এবং জনগণের আস্থা শক্তিশালী করাও গুরুত্বপূর্ণ।
তেহরানে বাসিজের কার্যক্রমের কথা উল্লেখ করে ইজাদি জানান, বিভিন্ন কর্মসূচিতে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিচ্ছেন। এ ছাড়া প্রায় ৫০০টি ব্যাটালিয়ন সংগঠিত করা হয়েছে।
দেশের নিরাপত্তা রক্ষা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ সক্ষমতা হিসেবে এসব কার্যক্রমকে বর্ণনা করেন তিনি।
সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রস্তুতিতে জোর
ইজাদি ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা, নৌ ও স্থলবাহিনীর সক্ষমতার কথাও তুলে ধরেন। দেশের প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখা এবং তা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
আইআরজিসির এই উপপ্রধান বলেন, গত ৪৭ বছরে জনগণের অংশগ্রহণ ও দেশের অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করে ইরান নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।
১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধ, দায়েশ বা ইসলামিক স্টেট (আইএস) নামের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। এসব পরিস্থিতিতে ইরানের জনগণ ও বাসিজ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এই সামরিক কর্মকর্তা।
পশ্চিম এশিয়ার বিভিন্ন পরিস্থিতি এবং লেবানন, ইয়েমেন, ইরাক ও ফিলিস্তিনে ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর ভূমিকার কথাও তুলে ধরেন ইজাদি। তাঁর মতে, এসব প্রেক্ষাপটে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখা জরুরি।
আঞ্চলিক উত্তেজনা এবং ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই তাঁর এ বক্তব্য সামনে এল।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রকাশিত বক্তব্যে ইজাদি বলেছিলেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও দেশের ভেতরে অস্থিরতা উসকে দেওয়ার প্রচেষ্টার মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, এসব চাপ ইরানের জনগণের মনোবল ভাঙতে পারেনি।
তিনি জাতীয় ঐক্য ও জনগণের সমর্থনকে ইরানের শক্তির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান এবং অভ্যন্তরীণ সংকটকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের বিভেদ সৃষ্টির চেষ্টা ঠেকানোর ওপর গুরুত্ব দেন।
ইজাদি বলেন, দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। ইরানি কর্মকর্তারা এ হামলাকে উসকানিবিহীন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বর্ণনা করেছেন। তাঁদের অভিযোগ, অভিযানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তদারকিতে থাকা পারমাণবিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের সামরিক কর্মকর্তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাও তুলে ধরেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুলে হামলায় বহু শিশু নিহত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ওই ঘটনাকে ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ অপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং এর বিচার ও জবাব দেওয়ার কথা বলেছেন।
অন্যদিকে, ইরানের দাবি, তারা আত্মরক্ষামূলক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি করেছে। এর মধ্যে মার্কিন ড্রোন ভূপাতিত করা এবং হামলার কাজে ব্যবহৃত সামরিক ঘাঁটিতে আঘাত হানার ঘটনাও রয়েছে।
তেহরানের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে ইরান। হামলাকারীদের চাপিয়ে দেওয়া যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
সূত্র: প্রেস টিভি
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
পরীক্ষায় এআই জালিয়াতির বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
মার্কিন অবরোধের মধ্যে ইরানে কীভাবে পৌঁছাচ্ছে অস্ত্র?
ভূগর্ভস্থ ঘাঁটিতে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন ইরানের