হরমুজ প্রণালির পূর্বদিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। রোববার (২২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, আগেই সতর্ক করা সত্ত্বেও জাহাজ দুটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল।
ইরানের নৌবাহিনীর ভাষ্য, স্থানীয় সময় রোববার দুপুরের আগে এ ঘটনা ঘটে। জাহাজ দুটি নিজেদের পরিচয় শনাক্তকরণ ও নৌচলাচল-সংক্রান্ত ব্যবস্থা বন্ধ রেখে ওই এলাকায় চলাচল করছিল।
বিবৃতিতে বলা হয়, সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ এবং নৌচলাচল-সংক্রান্ত ব্যবস্থা বন্ধ রাখার কারণে তেলবাহী ট্যাংকারের কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায় সংশ্লিষ্ট জাহাজের মালিক, পরিচালনাকারী ও নাবিকদের নিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে ব্যাপক বিধিনিষেধ আরোপ করে তেহরান। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।
ইরানের নতুন কার্যকর করা হরমুজ ব্যবস্থাপনা অনুযায়ী, এই জলপথ দিয়ে নিরাপদে চলাচলের জন্য দেশটির কর্তৃপক্ষের স্পষ্ট অনুমতি প্রয়োজন।
এদিকে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে এবং নৌবাহিনীর পাহারা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বারবার আশ্বাস দিয়েছে। তবে ইরানের নৌবাহিনীর দাবি, ওয়াশিংটনের নিরাপত্তার আশ্বাসে আস্থা রাখা জাহাজগুলোকে বারবার থামানো হচ্ছে, নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কিংবা ধ্বংস করা হচ্ছে।
সূত্র: প্রেস টিভি
ভূগর্ভস্থ ঘাঁটিতে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন ইরানের