'বিপুল বিস্ফোরক' ধ্বংসের কার্যক্রম স্থগিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে চার টনের বেশি বিস্ফোরক নিয়ন্ত্রিত পদ্ধতিতে ধ্বংসের পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কার্যক্রম শুরুর আগে ফেডারেল আপিল আদালত এবং অঙ্গরাজ্যটির নবনির্বাচিত গভর্নরের সম্মতি চেয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) ট্রাম্পের এ ঘোষণা আসে পরিবেশবাদী সংগঠনগুলোর আইনি চ্যালেঞ্জ এবং একাধিকবার সময় পরিবর্তনের পর। আইওয়ার মিডলটাউন শহরের কাছে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে ৬৮টি ড্রামে প্রায় ৯ হাজার ৭০০ পাউন্ড (৪ দশমিক ৪ টন) পুরোনো ও অবক্ষয়িত লেড অ্যাজাইড সংরক্ষিত রয়েছে। এই অস্থিতিশীল বিস্ফোরক নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংসের পরিকল্পনা করেছিল মার্কিন সামরিক বাহিনী।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, দীর্ঘদিনের সমস্যাটির সমাধান করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তবে অষ্টম সার্কিট আপিল আদালত কার্যক্রম শুরুর অনুমতি না দেওয়া পর্যন্ত সামরিক বাহিনীকে অপেক্ষা করতে বলেছেন। একই সঙ্গে আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ডের সম্মতির বিষয়টিও শর্ত হিসেবে উল্লেখ করেছেন।

বিস্ফোরণ ঠেকাতে আইনি লড়াই

প্রথমে শুক্রবার বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল। পরে তা পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়। তবে গত বৃহস্পতিবার পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করা সিয়েরা ক্লাব এবং আইওয়া এনভায়রনমেন্টাল কাউন্সিল আদালতে আবেদন করে বিস্ফোরণ বন্ধের জরুরি নির্দেশনা চায়।

পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএ গত ১৩ নভেম্বর জরুরি অনুমতিপত্র দিয়ে সামরিক বাহিনীকে বিস্ফোরক ধ্বংসের অনুমতি দেয়। সংস্থাটির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে আবেদনকারী সংগঠন দুটি। তাদের দাবি, রিসোর্স কনজারভেশন অ্যান্ড রিকভারি অ্যাক্টের (আরসিআরএ) আওতায় দেওয়া অনুমতিপত্রের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

আবেদনকারীরা আরও বলেছে, আশপাশের বাসিন্দাদের মাত্র এক সপ্তাহ আগে এ বিষয়ে জানানো হয়েছিল। বিস্ফোরণের ফলে সৃষ্ট সিসার ধুলা প্রায় ১৬০ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। নিরাপদে বিস্ফোরক অপসারণের বিকল্প পদ্ধতিগুলোও ইপিএ যথাযথভাবে মূল্যায়ন করেনি বলে অভিযোগ তাদের।

মামলার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অষ্টম সার্কিট আপিল আদালত ইপিএর জরুরি অনুমতিপত্রের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করে। আদালত বিষয়টি পর্যালোচনা করছে। তবে ২১ নভেম্বর আদালতে জমা দেওয়া এক নথিতে মার্কিন বিচার বিভাগ দাবি করে, জরুরি ছাড়ের আওতায় সেনাবাহিনী এখনো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মজুত বিস্ফোরক ধ্বংস করতে পারে।

বিস্ফোরক সংরক্ষণ নিয়ে ওবামা প্রশাসনকে দায়ী ট্রাম্পের

সোমবারের পোস্টে বিস্ফোরকগুলো ২০০৯ সালে যথাযথভাবে সংরক্ষণ না করার জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনকে দায়ী করেন ট্রাম্প।

সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দুই দশকেরও বেশি সময় ধরে বিস্ফোরকভর্তি ড্রামগুলো আইওয়ার ওই স্থাপনায় পানি ও ইথানলের মিশ্রণে রাখা হয়েছিল। আদালতে জমা দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ দেখতে পান, ড্রামের ভেতরের তরল বাষ্প হয়ে উড়ে গেছে। এতে সূচের মতো আকৃতির স্ফটিক তৈরি হয়েছে। চলতি বছরের মার্চ মাসেও এ ধরনের স্ফটিক তৈরির বিষয়টি শনাক্ত করা হয়।

বিস্ফোরকগুলো ধ্বংসের উদ্যোগ আটকে গেলে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। তাঁর দাবি, এগুলো স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হলে ভয়াবহ পরিণতি হতে পারে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর রব স্যান্ডকে দায়ী করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বিস্ফোরণ পরিকল্পনা নিয়ে যোগাযোগ ও তথ্যের স্পষ্টতার ঘাটতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করেছিলেন স্যান্ড। তাঁর আশঙ্কা, মজুত বিস্ফোরক ধ্বংস করতে গিয়ে সৃষ্ট সিসাযুক্ত বিষাক্ত ধুলার মেঘ আইওয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের জনবসতি এবং প্রতিবেশী ইলিনয় অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। সিসা একটি ভারী ধাতু, যা জন্মগত ত্রুটিসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলেও স্যান্ডের কার্যালয় কোনো জবাব দেয়নি।

ট্রাম্প আরও বলেন, বর্তমান আবহাওয়া নিয়ন্ত্রিত বিস্ফোরণের জন্য উপযোগী। তাই এ কার্যক্রমে আরও বিলম্ব হলে তার দায় আদালত ও আইওয়ার নতুন নেতৃত্বকে নিতে হবে বলে ইঙ্গিত দেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, স্যান্ড বা আদালত সম্মতি না দিলে বিপজ্জনক উপাদানগুলো নিয়ন্ত্রিতভাবে অপসারণের কাজ করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে এ দীর্ঘদিনের সমস্যার কারণে যেকোনো প্রাণহানি বা ধ্বংসযজ্ঞের জন্য নবনির্বাচিত গভর্নরকে দায়ী করা হবে।

সূত্র: আল-জাজিরা