যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা প্রায় শেষ। এতে কংগ্রেসের উভয় কক্ষেই নিজেদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়িয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে দলটির আসন ২৫৮টি। এখনো চারটি আসনের ফল ঘোষণা বাকি।
অন্যদিকে, ১০০ সদস্যের সিনেটে সব আসনের ফল ঘোষণা করা হয়েছে। সেখানে ডেমোক্র্যাটদের আসন ৫৬টি। দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে আইন প্রণয়ন ও সরকারের কর্মকাণ্ড তদারকিতে বাড়তি সুযোগ পাবে দলটি।
নতুন কংগ্রেস আগামী ৩ জানুয়ারি ২০২৭ দায়িত্ব নেওয়ার পর ডেমোক্র্যাটরা কীভাবে এই সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগাতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নির্বাচনের ফল কী বলছে?
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। আর সিনেটে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে দলটি। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আসন কমে দাঁড়িয়েছে ১৭৩টিতে, যা কয়েক বছরের মধ্যে তাদের সর্বনিম্ন সংখ্যা।
নির্বাচনের ফলকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রতি ভোটারদের অসন্তোষের প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ, অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান এবং দুর্নীতির অভিযোগ নিয়ে ভোটারদের ক্ষোভ নির্বাচনে প্রভাব ফেলেছে।
ডেমোক্র্যাটদের জয় শুধু ঐতিহ্যগতভাবে বামপন্থীদের শক্তিশালী এলাকাতেই সীমাবদ্ধ ছিল না। টেক্সাস, মিসিসিপি ও সাউথ ক্যারোলাইনার মতো রিপাবলিকান-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যেও দলটির প্রার্থীরা জয় পেয়েছেন।
যেসব আসনের ফল এখনো ঘোষণা হয়নি
প্রতিনিধি পরিষদের চারটি আসনের ফল এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে মিনেসোটা ও টেনেসিতে একটি করে এবং লুইজিয়ানায় দুটি আসন রয়েছে। লুইজিয়ানার আসন দুটির ফল আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয় দফার ভোটের মাধ্যমে নির্ধারিত হবে।
এসব আসনের ফল ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়াতে পারে। এখন মূল প্রশ্ন হলো, শেষ পর্যন্ত দলটির আসনসংখ্যা কত হয়।
সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে কী করতে পারে ডেমোক্র্যাটরা?
ডেমোক্র্যাটরা দীর্ঘদিন ধরেই বলে আসছে, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা ট্রাম্পের নীতিগত কর্মসূচির ওপর নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়াবে। তবে ২০২৬ সালের নির্বাচনে বড় সাফল্যের পর দলটির মধ্যে আরও বিস্তৃত আইন প্রণয়ন কর্মসূচি নেওয়ার আলোচনা শুরু হয়েছে।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা প্রথম ১০০ দিনের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে। এতে ধনীদের বেশি সুবিধা দেয়—এমন করছাড় বাতিলের উদ্যোগ এবং ট্রাম্পের মেয়াদে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া স্বাস্থ্যসেবা ভর্তুকি পুনর্বহালের বিষয় রয়েছে।
এ ছাড়া ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন দলটির আইনপ্রণেতারা। তবে ট্রাম্পের সামরিক পদক্ষেপ কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই মতভেদ রয়েছে। যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্তে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা ও প্রেসিডেন্টের সামরিক কর্তৃত্বের সীমা নিয়েও বিতর্ক রয়েছে।
দলটির প্রগতিশীল অংশের অভিযোগ, মধ্যপন্থী নেতারা যুদ্ধ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রত্যাশা কমিয়ে দেখাচ্ছেন। তাঁদের মতে, যুদ্ধ বন্ধের একটি উপায় হতে পারে এ খাতে অর্থায়ন বন্ধ করা।
ডেমোক্র্যাটরা নির্বাহী বিভাগের কর্মকাণ্ডের ওপর নজরদারিও বাড়াতে চায়। এ জন্য বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নথিপত্র তলব করার পরিকল্পনা রয়েছে।
সোমবার প্রতিনিধি পরিষদের স্পিকার পদে মনোনীত হাকিম জেফরিস জানান, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেস চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার কর্মকাণ্ড নিয়ে দ্রুত, পূর্ণাঙ্গ ও বিস্তৃত তদন্ত করবে। একই সঙ্গে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তদন্তের আওতায় আনা হবে।
অন্যদিকে, সিনেটে উচ্চপর্যায়ের সরকারি পদে ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের নিয়োগ আটকে দেওয়ার হুমকি দিয়েছেন ডেমোক্র্যাটরা। এসব পদে নিয়োগের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন।
ট্রাম্পের ভূমিকা কী হবে?
কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলেও ডেমোক্র্যাটদের সব সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে না। কারণ, কোনো বিল কংগ্রেসে পাস হলেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সেটিতে ভেটো দিতে পারবেন।
তবে নির্বাচনে বড় পরাজয়ের পর ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করলে রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন—এমন পরামর্শ দিয়েছেন তাঁর দলের বাইরের কয়েকজন আইনপ্রণেতাও।
নির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন। সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচির মতো দীর্ঘদিনের প্রগতিশীল রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে ট্রাম্পের সমর্থন পেতে কর্মসূচিটির নাম তাঁর নামে রাখার প্রস্তাব দেন তিনি।
একটি কাল্পনিক স্বাস্থ্যবিমা কর্মসূচির কার্ডের ছবি প্রকাশ করে সেটির নাম দেন ‘ট্রাম্পকেয়ার’। পোস্টে ট্রাম্পকে উদ্দেশ করে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রস্তাবটি বিবেচনার জন্য তাঁর সামনে রয়েছে।
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করবেন ট্রাম্প?
তবে মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করবেন, এমন ইঙ্গিত খুব একটা পাওয়া যাচ্ছে না।
নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই অভিবাসন বিষয়ে কঠোর নীতির অন্যতম রূপকার স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। এই নিয়োগকে তাঁর প্রশাসনের ডানপন্থী নীতিতে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প বিভিন্ন সময়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ দেখালেও আইন প্রণয়নে নিজের ভেটো ক্ষমতা কঠোরভাবে প্রয়োগের হুমকিও দিয়েছেন।
সিনেটের পরবর্তী সংখ্যাগরিষ্ঠ নেতা হওয়ার দৌড়ে থাকা চাক শুমারের সমালোচনাও করেছেন তিনি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন শুমার।
রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শুমার আবার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলে তাঁর সঙ্গে কাজ করা খুব কঠিন হবে। এর আগে শুমারের নেতৃত্বকে ব্যর্থ ও ইতিহাসের অন্যতম খারাপ নেতৃত্ব বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, কংগ্রেসে ডেমোক্র্যাটরা নির্বাহী বিভাগের ওপর নজরদারির ক্ষমতা কঠোরভাবে প্রয়োগ করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস।
গত ৯ নভেম্বর দেওয়া এক চিঠিতে হোয়াইট হাউসের কাউন্সেল উইল শার্ফ অভিযোগ করেন, নতুন কংগ্রেসের সদস্যরা তাঁদের সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। কংগ্রেসের সম্ভাব্য তদন্তের প্রসঙ্গ টেনেই তিনি এ সতর্কবার্তা দেন।
ফলে নতুন কংগ্রেসের মেয়াদ শুরু হলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক সহযোগিতার পথে এগোবে, নাকি সংঘাত আরও বাড়বে—তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা
'পেন্টাগনের নেতৃত্ব দুর্বল করেছেন হেগসেথ', পদত্যাগের আহ্বান সাবেক চিফ অব স্টাফের
এনভিডিয়ার প্রধানের প্রত্যাবর্তনে ওয়াশিংটন-ওয়াল স্ট্রিটে কী প্রভাব পড়বে?
‘রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে’ এস্তোনিয়া, মস্কোর হুঁশিয়ারি
হাসিনা বাংলাদেশে ফিরলেই চিন্ময় কৃষ্ণকে মুক্ত করার উদ্যোগ