আগামী ডিসেম্বরের মধ্যেই ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করার পরিকল্পনা করছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। ত
বে এই কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রে ‘গভর্নমেন্ট শাটডাউন’ বা সরকারি কার্যক্রমে স্থবিরতা নেমে আসার ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে নিত্যপণ্য ও জ্বালানি তেলের বাজার আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ইরান সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক জনসমর্থন পায় ডেমোক্রেটিক পার্টি। যুদ্ধবিরোধী এই অবস্থানের কারণে রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও জয় পেয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর যুদ্ধের জন্য নতুন কোনো তহবিল অনুমোদন না দেওয়ার ঘোষণা দিয়েছেন অনেক আইনপ্রণেতা।
তবে নতুন কংগ্রেস বসার আগেই ‘পাওয়ার অব দ্য পার্স’ বা অর্থনৈতিক ক্ষমতা প্রয়োগ করে হামলা থামাতে চাইছেন ডেমোক্র্যাটদের একাংশ। এ ক্ষেত্রে তাদের মূল লক্ষ্য আগামী ১১ ডিসেম্বরের সময়সীমা। ওই তারিখের মধ্যে কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম সচল রাখতে একটি জরুরি তহবিল বিল পাশ করতে হবে কংগ্রেসকে।
ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের কঠোর অবস্থান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই অভিযান বন্ধে আগেও একাধিক প্রস্তাব এনে ব্যর্থ হয়েছেন ডেমোক্র্যাটরা। সম্প্রতি প্রতিনিধি পরিষদের সদস্য ইয়াসামিন আনসারি ও রো খান্না এক যৌথ বিবৃতিতে তহবিল পাশের সময়সীমাকে কাজে লাগানোর আহ্বান জানান। তারা স্পষ্ট করেছেন, সংঘাত দীর্ঘায়িত করতে মার্কিন করদাতাদের আর কোনো অর্থ ব্যয় হতে দেওয়া হবে না।
আগামী ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষা ও অন্যান্য সরকারি খাতের জন্য চলমান তহবিল প্যাকেজ পাশ না হলে ১২ ডিসেম্বর থেকে সরকারি অচলাবস্থা শুরু হবে। ওই দুই আইনপ্রণেতার মতে, ইরানে আক্রমণাত্মক অভিযানে অর্থ ব্যবহারের ওপর সুস্পষ্ট নিষেধাজ্ঞা না থাকলে কোনো তহবিল বিলেই সমর্থন দেওয়া উচিত নয়।
সহকর্মীদের লেখা এক খোলা চিঠিতে তারা উল্লেখ করেন, ৩ নভেম্বরের নির্বাচনে মার্কিন ভোটাররা ট্রাম্পের এই যুদ্ধের অবিলম্বে অবসান চেয়েছেন। ভিডিও বার্তায় রো খান্না স্মরণ করিয়ে দেন, অতীতে ঠিক একইভাবে অর্থায়ন বন্ধ করে ভিয়েতনাম যুদ্ধ থামিয়েছিল কংগ্রেস। সিনেটর ক্রিস ভ্যান হোলেন, ট্যামি ডাকওয়ার্থ, মাইকেল বেনেট এবং বার্নি স্যান্ডার্সও যুদ্ধের অর্থায়ন বন্ধের পক্ষে একমত হয়েছেন।
ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস কী বলে?
ইতিহাস বলছে, অর্থনৈতিক সহায়তা বন্ধ করার মাধ্যমেই মার্কিন কংগ্রেস ভিয়েতনাম যুদ্ধ থামাতে বাধ্য করেছিল। ১৯৫৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত চলা ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দিয়ে পাঁচ লাখের বেশি সেনা মোতায়েন করেছিল। তবে দীর্ঘমেয়াদি সংঘাত, ব্যাপক প্রাণহানি এবং মার্কিন সেনাদের নানা নৃশংসতার খবর প্রকাশ পেলে যুদ্ধটি দেশে চরম অজনপ্রিয় হয়ে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে ১৯৭৩ সালে কংগ্রেস ‘গালফ অব টনকিন রেজোলিউশন’ বাতিল করে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়। একই বছরের জুনে পাশ হওয়া ‘কেস-চার্চ সংশোধনী’র মাধ্যমে যুদ্ধে কেন্দ্রীয় তহবিল ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়। উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন থাকায় তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ভেটো দিয়েও তা আটকাতে পারেননি, যার ফলে ১৯৭৫ সালে যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটে।
ডেমোক্র্যাটদের ভেতরেই মতভেদ
কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ শুরু করায় ট্রাম্প প্রশাসনের ওপর ডেমোক্র্যাটরা ক্ষুব্ধ হলেও শাটডাউনের প্রশ্নে সবাই একমত নন। হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রোজা ডেলাউরো যুদ্ধের তহবিল বন্ধের পক্ষে থাকলেও সরকার অচল করার বিপক্ষে। তার মতে, সরকার অচল করে দিলে যুদ্ধ বন্ধ হবে—আমেরিকানরা এমনটা বিশ্বাস না-ও করতে পারেন।
অন্যদিকে, প্রতিনিধি পরিষদের সম্ভাব্য স্পিকার হাকিম জেফ্রিস এবং সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানাননি। ফলে দলীয় ঐকমত্য তৈরি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েই গেছে।
ট্রাম্পের ভেটো ক্ষমতা ও সংখ্যার হিসাব
আগামী ছয় সপ্তাহ কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকায় প্রেসিডেন্ট ট্রাম্প সহজেই যেকোনো বিলে ভেটো দিতে পারবেন। তা ছাড়া বর্তমান বা আগামী—কোনো কংগ্রেসেই প্রেসিডেন্টের ভেটো বাতিল করার মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের নেই।
সিনেটে ভেটো নাকচ করতে ৬৭টি ভোট প্রয়োজন হলেও নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা থাকবে ৫৬টি। একইভাবে প্রতিনিধি পরিষদে ২৯০টি ভোটের বিপরীতে তাদের দখলে থাকবে ২৫৭টি আসন। রিপাবলিকানরা যুদ্ধের উচ্চ ব্যয়ের কথা স্বীকার করলেও এখনই পিছু হটার বদলে ‘কাজটি শেষ করার’ পক্ষেই যুক্তি দিচ্ছেন।
সূত্র: আল জাজিরা