মুদ্রানীতি ও আর্থিক খাতের পরিবর্তনে বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা দিয়েছে। প্রতি আউন্স স্বর্ণ ২৯ শতাংশ কমে প্রায় ৩ হাজার ৫০২ ডলারে নেমেছে, যা এক বছরের সর্বনিম্ন। এই চিত্র দেখায় যে পুঁজির স্রোত বদলালে ও আর্থিক চাপ বাড়লে প্রচলিত নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণও অস্থিরতা থেকে বাঁচতে পারে না। এর সরাসরি প্রভাব পড়েছে ইরানের স্বর্ণ ও কয়েন বাজারে।
যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার জোরালো আভাস স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে। স্বর্ণ থেকে নিয়মিত সুদ বা লভ্যাংশ না আসায় বিনিয়োগকারীরা বন্ড ও সুদভিত্তিক খাতের দিকে ঝুঁকছেন। পাশাপাশি শক্তিশালী মার্কিন ডলার এবং বাড়তে থাকা ট্রেজারি ইল্ড স্বর্ণকে কম আকর্ষণীয় করে তুলেছে। বর্তমানে ট্রেজারি ইল্ড মূল্যস্ফীতির হারের চেয়ে ২ দশমিক ৯ শতাংশ ওপরে থাকায় ডলারভিত্তিক সম্পদ তুলনামূলক বেশি লাভজনক হয়ে উঠেছে।
নগদের টানে বিক্রির চাপ
আর্থিক খাতে চাপ তৈরি হলে বিনিয়োগকারীরা নগদ অর্থ সংগ্রহ ও লোকসান সামাল দিতে সম্পদ বিক্রি করেন। বর্তমান প্রেক্ষাপটে স্বর্ণও সেই বিক্রির ঢেউ থেকে বাদ পড়েনি। আঞ্চলিক উত্তেজনা বা সংঘাতের আশঙ্কা থাকলেও তাৎক্ষণিক তারল্যের প্রয়োজন ও অন্যান্য বাজারের ঘাটতি পূরণের চাপ স্বর্ণের দাম ধরে রাখতে পারেনি। ফলে নিরাপদ বিনিয়োগের তকমা থাকলেও স্বর্ণ সবসময় ঝুঁকিমুক্ত থাকে না—তা আবারও স্পষ্ট হলো।
তহবিল থেকে পুঁজি সরলেও সক্রিয় কেন্দ্রীয় ব্যাংক
বড় স্বর্ণ তহবিলগুলো থেকে বিনিয়োগ কমে যাওয়াও দরপতনকে ত্বরান্বিত করেছে। প্রধান স্বর্ণ তহবিলগুলোর মজুত ৪ দশমিক ৯ শতাংশ সংকুচিত হওয়ার অর্থ হলো অনেক বিনিয়োগকারী অবস্থান গুটিয়ে নিচ্ছেন।
অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ সংগ্রহে এখনো ভাটা পড়েনি। সর্বশেষ প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো ৩২১ টন স্বর্ণ কিনে দীর্ঘমেয়াদী আস্থার ইঙ্গিত দিয়েছে। তবে ব্যক্তি ও তহবিল পর্যায়ে যে পরিমাণ বিক্রি ও পুঁজি প্রত্যাহার চলছে, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় তা পুরোপুরি সামাল দিতে পারছে না।
বিগত পাঁচটি বড় দরপতনের হিসাব বলছে, পতন শুরুর পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছাতে গড়ে ১৯ মাস সময় লাগে। পাশাপাশি আরও পতনের সম্ভাবনার ক্ষেত্রে '১৫' সংখ্যাটিকে একটি সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করা হচ্ছে। অতীতের পুনরাবৃত্তি সবসময় না ঘটলেও তলানি খোঁজার ক্ষেত্রে এই পরিসংখ্যান বাড়তি সতর্কতার কথা মনে করিয়ে দেয়।
ইরানের বাজার: সুযোগ নাকি সতর্কতার সময়?
বিশ্ববাজারের নিম্নমুখী ধারা সাম্প্রতিক সপ্তাহে ইরানের অভ্যন্তরীণ বাজারেও দরপতন ডেকে এনেছে। ১ আজার শেষ হওয়া সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ১৮ ক্যারেট স্বর্ণ ৫ দশমিক ৪৭ শতাংশ কমেছে। একই সময়ে ইমামি কয়েন ৪ দশমিক ১৪ শতাংশ, বাহার আজাদি কয়েন ৫ দশমিক ৩৯ শতাংশ, হাফ-কয়েন ৩ দশমিক ৭৮ শতাংশ, কোয়ার্টার-কয়েন ৪ দশমিক ০৩ শতাংশ এবং গ্রাম কয়েন ৮ দশমিক ৩১ শতাংশ দর হারিয়েছে। যদিও সর্বশেষ লেনদেনে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে।
ইরানের বাজারে স্বর্ণ ও কয়েনের দাম মূলত দুটি নিয়ামকের ওপর নির্ভর করে—বিশ্ববাজারে আউন্সপ্রতি দর এবং ডলারের বিনিময় হার। বিশ্ববাজারে দাম কমলেও ডলারের দর বাড়লে অভ্যন্তরীণ পতনের চাপ কিছুটা কমে আসে। তবে বিশ্ববাজার ও ডলারের হার—উভয়ই নিচে নামলে ১৮ ক্যারেট ও গলিত স্বর্ণে বড় ধস নামতে পারে। এ ছাড়া কয়েনের দামে প্রিমিয়াম ও বিনিয়োগ চাহিদার ভূমিকা থাকায় তা অনেক সময় কাঁচা স্বর্ণের চেয়ে ভিন্ন আচরণ করে।
এমন বাস্তবতায় আবেগের বশে স্বর্ণ কেনা বা আতঙ্কে তাড়াহুড়ো করে বিক্রির সিদ্ধান্ত এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সাধারণ ক্রেতাদের উচিত প্রকৃত প্রয়োজন, মেকিং চার্জ, লেনদেন খরচ এবং ক্রয়-বিক্রয়ের দরের ব্যবধান মাথায় রাখা। বিনিয়োগকারীদের ক্ষেত্রে কয়েনের প্রিমিয়াম, ডলারের গতিবিধি ও আরও পতনের ঝুঁকি যাচাই করে এককালীন বড় পুঁজি না ঢালাই নিরাপদ।
সব মিলিয়ে বিশ্ববাজারের এই বড় পতন এখনো নিম্নচাপের সমাপ্তি নিশ্চিত করছে না। ইরানের বাজারে সাময়িক পুনরুদ্ধারকেও স্থায়ী ঊর্ধ্বগতি ভাবার অবকাশ কম। তাই সতর্ক অবস্থান, প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে কেনাকাটা এবং দৈনন্দিন খরচের অর্থ সুরক্ষিত রাখাই এখন সবচেয়ে জরুরি।
সূত্র: নূর নিউজ
ইসরায়েলের রাষ্ট্রীয় পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য সিনেটর আল-সাইয়িদের
লন্ডন থেকে স্বর্ণদ্বীপ : স্টিয়ারিং ছাড়েননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান