সাইবার হামলার শিকার এএফপি, বন্ধ রাখা হয়েছে কনটেন্ট প্ল্যাটফর্ম

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি (Agence France-Presse) সাইবার হামলার শিকার হয়েছে। হামলার পর সংস্থাটির গ্রাহকদের সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট দেখা এবং ডাউনলোডের জন্য ব্যবহৃত ‘এএফপি ফোরাম’ প্ল্যাটফর্মটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানিয়েছে, সাইবার হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। হামলার পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করারও চেষ্টা চলছে।

এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি অভ্যন্তরীণ ই-মেইলে বলা হয়েছে, প্যারিসের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে (জিএমটি সময় ০০টা ৩০ মিনিট) সাইবার হামলাটি শুরু হয়। হামলার লক্ষ্য ছিল এএফপি ফোরাম, সংস্থাটির গ্রাহকদের সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট দেখার এবং ডাউনলোড করার অন্যতম প্ল্যাটফর্ম।

ই-মেইলে আরও বলা হয়, অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হওয়ার পরপরই এএফপির প্রযুক্তিগত দল হামলাটি নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।

প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় এএফপি গ্রাহকদের বিকল্প ব্যবস্থার মাধ্যমে কনটেন্ট সরবরাহের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

এদিকে ফ্রান্সের সাইবার নিরাপত্তা প্রধান ভিনসেন্ট স্ত্রুবেল বৃহস্পতিবার দেশটিতে সাইবার নিরাপত্তার হুমকি নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছেন। এ ধরনের হামলা মোকাবিলায় সম্মিলিতভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রুবেল বলেন, তারা এমন এক হুমকির মুখোমুখি হচ্ছেন, যার মাত্রা আগে কখনো দেখা যায়নি এবং এর তীব্রতাও নজিরবিহীন।

ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক সাইবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটছে। বৃহস্পতিবার আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে সুইজারল্যান্ডের জুরিখভিত্তিক আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা জানিয়েছে, তারাও সাইবার হামলার শিকার হয়েছে। ওই হামলায় ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের অননুমোদিত প্রবেশ ঘটেছে।

গত অক্টোবরে ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেটও নজিরবিহীন সাইবার হামলার শিকার হয়। ওই হামলায় দোকানগুলোর রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল।

নভেম্বরের শুরুতে যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম ও সুইডেনসহ ইউরোপের আরও ১০টি দেশের বিভিন্ন দোকানে একই ধরনের তাপমাত্রা বৃদ্ধির ঘটনা রেকর্ড করা হয়।

অক্টোবরের ওই হামলার জন্য ইরানকে দায়ী করে ফ্রান্স। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে হামলার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানায় প্যারিস।

তবে ফ্রান্সের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বারবার অভিযোগ তোলার পুরোনো নীতির নিন্দা জানিয়েছে দেশটি।

সূত্র: আল-জাজিরা