ভারতীয় দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি টেলিভিশন নাটক। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা এবং পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভিপিএনসহ বিভিন্ন প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে এসব নাটক দেখছেন অনেকে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের আগ্রহ নতুন করে আলোচনায় এসেছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে চলতি সপ্তাহান্তে নাটকটির অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানগুলোর প্রচারপোস্টার কর্তৃপক্ষের নজরে আসার পর সেগুলো বাতিল করা হয়েছে। তবে প্রদর্শনী বন্ধের উদ্যোগ নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ কমাতে পারেনি।
নাটকটির পাকিস্তানি চরিত্র আবু বকরকে ঘিরে ভারতীয় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উন্মাদনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যে ঘুরে বেড়াচ্ছে একটি বাক্য—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, ধৈর্যের ফল নয়, তাঁদের চাই আবু বকর।
উর্দু ভাষার প্রচলিত একটি প্রবাদকে বদলে তৈরি করা এই বাক্যটি চরিত্রটির প্রতি ভারতীয় দর্শকদের ভালোবাসার প্রকাশ। বেঙ্গালুরুর দর্শক রক্ষন্দা মুজিব বলেন, ‘আমরা সবাই আবু বকরের অপেক্ষায় ছিলাম। তাঁর সহানুভূতিশীল আচরণের কারণে আমি তাঁর প্রতি মুগ্ধ। বর্তমানে অধিকাংশ পুরুষের মধ্যে এই গুণটির অভাব রয়েছে।’
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘দার-এ-নিজাত’ ঘিরে এই উন্মাদনা আসলে পাকিস্তানি বিনোদনজগতের প্রতি ভারতীয় দর্শকদের দীর্ঘদিনের আগ্রহেরই সাম্প্রতিক প্রকাশ। পাকিস্তানি শিল্পী ও বিনোদনমূলক অনুষ্ঠানকে ভারতীয় পর্দা থেকে দূরে রাখার নানা উদ্যোগ নেওয়া হলেও দর্শকদের আগ্রহ পুরোপুরি বন্ধ করা যায়নি।
ভারতীয় দর্শকদের পাকিস্তানি কনটেন্ট দেখার সীমাবদ্ধতা তুলে ধরে সুফিয়ান খান বলেন, ইনস্টাগ্রামে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে যোগাযোগ, স্পটিফাইয়ে পাকিস্তানি গান শোনা কিংবা ইউটিউবে পাকিস্তানি নাটক দেখা—সব ক্ষেত্রেই বাধা রয়েছে। অনেক সময় ভিপিএন বা প্রক্সি ব্যবহার করতে হচ্ছে।
কেন নিষেধাজ্ঞা
ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ এবং দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা থাকলেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চলেছে। তবে বিভিন্ন সময়ে এ বিনিময়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও অনুষ্ঠান করার ক্ষেত্রে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা ক্রমেই জোরালো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগও সীমিত হয়ে পড়ে।
২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে পাকিস্তান এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। এরপর দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের তীব্র সংঘাত হয়। পরে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
এরপর ভারত ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক প্রচার বন্ধের নির্দেশ দেয়। জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে নেটফ্লিক্সকেও ভারতে প্রদর্শনের জন্য পাকিস্তানের প্রথম নির্মিত একটি অনুষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের জনপ্রিয়তা কমেনি। প্রতিবেদনে বলা হয়েছে, চীন ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার পপ সংস্কৃতির ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। সেটি প্রায় এক দশক কার্যকর থাকলেও ভারতের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন।
এর অন্যতম কারণ প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ। চীন তার নাগরিকদের ব্যবহৃত বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ইউটিউবের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মের ওপর ভারতের সরাসরি নিয়ন্ত্রণ নেই।
ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় সরকার অনলাইন কনটেন্ট ব্লক করার নির্দেশ দিতে পারে। এ ধরনের নির্দেশ সাধারণত গোপন রাখা হয়। ভারতীয় ব্যবহারকারীদের জন্য ইউটিউব পাকিস্তানি চ্যানেলগুলো জিও-ব্লক করলেও ভিপিএন ব্যবহার করে অনেকেই অন্য দেশের অবস্থান দেখিয়ে কনটেন্ট দেখতে পারেন। আবার ডাউনলোড করা নাটক ভারতের ভেতরের কোনো অ্যাকাউন্ট থেকে পুনরায় আপলোড করাও সম্ভব।
অনলাইন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে—যেদিন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়—সেদিন ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়ে যায়। প্রতিষ্ঠানটি দুই দেশের একে অপরের অনলাইন কনটেন্টে বাধা দেওয়ার সঙ্গে এই বৃদ্ধির সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছে।
পাকিস্তানি নাটকের প্রতি এত আগ্রহ কেন
পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা দেশটির বিনোদনশিল্পের জন্যও বড় বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করেছে। ‘দার-এ-নিজাত’ প্রচারকারী টেলিভিশন নেটওয়ার্ক এআরওয়াই ডিজিটালের প্রধান জারজিস সেজার দাবি, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়।
তিনি বলেন, ‘এ যুগে কনটেন্টে প্রবেশ কঠিন করা যায়, কিন্তু তা পুরোপুরি বন্ধ করা যায় না।’
এর আগেও পাকিস্তানি নাটক ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২২ সালের ‘তেরে বিন’ এবং ২০২৪ সালের ‘কাভি ম্যায় কাভি তুম’ ভারতীয় দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। পাকিস্তানি পরিচালক মেহরিন জব্বার জানিয়েছেন, তাঁর ‘ড. বাহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’-এর মতো সিরিজ নিয়েও ভারতের দর্শকেরা তাঁকে বার্তা পাঠান।
ভারত ও পাকিস্তানের ভাষা, সংস্কৃতি, পারিবারিক জীবন ও সামাজিক বাস্তবতায় অনেক মিল রয়েছে। ফলে পাকিস্তানি নাটকের গল্প ও চরিত্র ভারতীয় দর্শকদের কাছে সহজেই পরিচিত ও গ্রহণযোগ্য হয়ে ওঠে।
জারজিস সেজার মতে, পাকিস্তানের বিনোদনশিল্পের নির্মাণমানও আগের তুলনায় উন্নত হয়েছে। তাঁর ভাষায়, পাকিস্তানি নাটকের গল্প এখন অনেক বেশি বাস্তবধর্মী, চিন্তাশীল এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত।
তবে জনপ্রিয়তার পেছনে আরও একটি কারণ রয়েছে বলে মনে করেন সুফিয়ান খান। তাঁর মতে, ভারতীয় সিনেমা ও টেলিভিশনে মুসলিম চরিত্রকে অনেক সময় গতানুগতিকভাবে উপস্থাপন করা হয়। এর বিপরীতে ‘দার-এ-নিজাত’ নাটকে ইসলামের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা অনেক দর্শকের কাছে নতুন ও আকর্ষণীয়।
তিনি বলেন, নাটকটিতে ইসলামকে ভয়ংকর বা কেবল বাহ্যিক ধর্মীয় প্রতীকের মাধ্যমে দেখানো হয়নি। বরং বিনয়, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ধর্মীয় আচার-অনুষ্ঠান তুলে ধরা হয়েছে।
সংস্কৃতি কি রাজনৈতিক সীমান্ত মানে?
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও সাংস্কৃতিক যোগাযোগ যে থেমে নেই, তা পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা থেকে স্পষ্ট হচ্ছে।
দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বহু মানুষ পাকিস্তানি টেলিভিশন অনুষ্ঠান, গান ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট দেখছেন। সংস্কৃতি ও তথ্যপ্রাপ্তির সুযোগ ছড়িয়ে পড়ায় দুই দেশের মানুষের মধ্যে প্রচলিত অনেক ভুল ধারণা ভাঙছে।
তিনি বলেন, আগে সীমান্তের ওপারের মানুষদের সম্পর্কে দুই দেশের নাগরিকদের জানাশোনা খুব বেশি ছিল না। এখন সাংস্কৃতিক কনটেন্টের মাধ্যমে একে অপরের জীবন ও সমাজ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে।
পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমিরের জনপ্রিয়তাও এর একটি উদাহরণ। ভারতে তাঁর গান বেশ পরিচিতি পেয়েছে। সম্প্রতি প্রকাশিত তাঁর ‘পাবলো’ গানে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তও অংশ নিয়েছেন।
পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, এ ধরনের নিষেধাজ্ঞা খুব কম ক্ষেত্রেই দীর্ঘমেয়াদে কার্যকর হয়। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সীমান্ত ও নিষেধাজ্ঞার কার্যকারিতাও কমে যায়।
তিনি বলেন, সরকার সাধারণত সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেয়, কারণ সংস্কৃতি দৃশ্যমান এবং নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ। পাকিস্তানও অতীতে ভারতীয় চলচ্চিত্রের ওপর দীর্ঘদিন নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু দেশটিতে পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউডের সিনেমা জনপ্রিয়তা ধরে রেখেছিল।
বিসারিয়ার ভাষায়, ভারত ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি সব সময়ই একটি বড় সংযোগের ভূমিকা পালন করেছে—দুই দেশের সরকার তা চাইলেও বা না চাইলেও।
‘দার-এ-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের উন্মাদনা যেন সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক বিরোধ ও নিষেধাজ্ঞা থাকলেও মানুষের সাংস্কৃতিক আগ্রহ যে সহজে সীমান্তে আটকে রাখা যায় না, এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে।
নেতানিয়াহুর শিবিরে ভাঙন, আইজেনকোটের জোটে উগ্র-অর্থোডক্স ইহুদিরা
গাজা থেকে আরও ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরানোর হুমকি ইসরায়েলের
তোমার গায়ে খুব, খুব ‘বাজে গন্ধ’ অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে কটাক্ষ শ্বেতাঙ্গ নারীর
শিশুপার্কের বেঞ্চে একা বসে কাঁদায় নারীকে ২৫ ইউরো জরিমানা