ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ১২৩০

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা বৃহস্পতিবার (৫ মার্চ) ষষ্ঠ দিনে পৌঁছেছে। ইরানজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা, যা আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করে। তখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা চলছিল। আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করার বিষয়ও ছিল।

হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের ২০টি মার্কিন সামরিক ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে।

অপরদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘আমাদের জনগণকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কারণ আগ্রাসনকারী ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে।’