গাজা ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে জাতিসংঘ ও এর নিরাপত্তা পরিষদের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকিগুলো মোকাবিলায় জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ‘এসসিও প্লাস’ বৈঠকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এ সমালোচনা করেন। তিনি বলেন, বিশ্ব বর্তমানে সামরিক আগ্রাসন, গণহত্যা, যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ ও অবৈধ নিষেধাজ্ঞাসহ নানা সংকটের মুখোমুখি। এসব বিষয়ে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কার্যক্রম অত্যন্ত হতাশাজনক।
পেজেশকিয়ান বলেন, গাজা, লেবানন এবং ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার মতো ঘটনাগুলো মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাঁর অভিযোগ, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
ইরানি প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, এসব হামলায় বেসামরিক মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, ইরান যুদ্ধ শুরু করেনি; বরং নিজেদের রক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছে।
তবে সামরিক উত্তেজনার মধ্যেও কূটনীতিকে সংকট সমাধানের প্রধান পথ হিসেবে দেখার কথা জানান পেজেশকিয়ান। তাঁর ভাষায়, ইরান এখনো আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী।
তিনি বলেন, পারস্পরিক আস্থা, প্রতিশ্রুতির প্রতি সম্মান এবং শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা ছাড়া কূটনীতি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।
পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছে। কয়েক সপ্তাহের তুলনামূলক বিরতির পর দুই দেশ নতুন করে হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
একই সময়ে পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক জোরদারের কথাও তুলে ধরেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দুই দেশ একসঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারে।
যুদ্ধের বিরতি ভেঙে ফের যুক্তরাষ্ট্র-ইরান হামলা-পাল্টা হামলা
ট্রাম্প ক্ষমা করার পর হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের দুর্নীতি মামলা খারিজ
ইরানের দুই তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা