মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় মিত্রদের সহায়তা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সেই আহ্বানে এখনই সাড়া দিচ্ছে না জাপান।
জাপানি প্রধানমন্ত্রী সানাই তাকাইচি সোমবার (১৬ মার্চ) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তাঁদের নেই।
জাপানের সংসদে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, ‘নৌবাহিনীর জাহাজ পাঠানোর বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকে জাপান স্বতন্ত্রভাবে কী করতে পারে, আমরা বর্তমানে তা-ই খতিয়ে দেখছি।’
তিনি আরও জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাপান-সংশ্লিষ্ট জাহাজ এবং নাবিকদের জীবন রক্ষা করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।
গত শনিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। তবে তাকাইচি জানিয়েছেন, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট থাকলেও ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো টোকিওকে কোনো আনুষ্ঠানিক বা দাপ্তরিক অনুরোধ জানানো হয়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের শান্তিবাদী সংবিধান অনুযায়ী, কোনো আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে সামরিক শক্তি ব্যবহারের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। যদিও সানাই তাকাইচি ব্যক্তিগতভাবে জাপানের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সংবিধান সংশোধনের পক্ষে, তবে বর্তমান পরিস্থিতিতে তাঁকে বিদ্যমান আইনের ভেতরেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তাকাইচি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে। সেখানে হরমুজ প্রণালীতে নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।