ইরানে ইসরায়েল ও মার্কিন হামলায় ৫৬ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক হামলায় দেশটির জাদুঘর, স্মৃতিস্তম্ভ এবং সাংস্কৃতিক কেন্দ্রসহ অন্তত ৫৬টি ঐতিহাসিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে অন্তত ১৯টি রাজধানী তেহরানে অবস্থিত। এর মধ্যে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘গোলস্তান প্যালেস’ ঐতিহাসিক তেহরান বাজার এবং সাবেক সিনেট ভবনও রয়েছে।

পূর্ববর্তী প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, মধ্য ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানও এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। সেখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ‘নাখশ-ই-জাহান স্কয়ারে’ অবস্থিত বিখ্যাত ইমাম শাহ মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধের সময় ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষা করার বিধান থাকলেও, চলমান এই হামলায় ইরানের হাজার বছরের পুরনো স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

সূত্র: আলজাজিরা