বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র, তাদের দাবি অযৌক্তিক: ইরান

বিশ্বশান্তির পথে মার্কিন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছে ইরান। দেশটি দাবি করেছে, যুদ্ধ বন্ধের জন্য ওয়াশিংটন যেসব শর্ত দিচ্ছে তা সম্পূর্ণ অযৌক্তিক। 

সোমবার (১১ মে) তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই কড়া প্রতিক্রিয়া জানান।

গত রোববার ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পাল্টা প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান তার অবস্থান পরিষ্কার করল। ইসমাঈল বাঘেই বলেন, ‘এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের অসংখ্য সামরিক ঘাঁটি সংঘাত ও দমন-নিপীড়নের মূল উৎস।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরান শান্তি চায় তবে তা হতে হবে যৌক্তিক ভিত্তিতে। তেহরানের পক্ষ থেকে মূলত চারটি দাবি পেশ করা হয়েছে:
১. অবিলম্বে যুদ্ধ বন্ধ করা।
২. ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার।
৩. আন্তর্জাতিক জলসীমায় ‘মার্কিন জলদস্যুতা’ বন্ধ করা।
৪. বিভিন্ন বিদেশি ব্যাংকে জব্দ করা ইরানের অর্থ অবমুক্ত করা।

যুদ্ধের ময়দানে নতুন মেরুকরণ শুরু হয়েছে গত ৮ এপ্রিল থেকে। ওই দিন দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও এর ঠিক পরদিনই ট্রাম্প প্রশাসন ইরানি বন্দরে কঠোর নৌ-অবরোধ জারি করে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই কোনো চুক্তি চায়, তবে সবার আগে এই অবৈধ অবরোধ তুলে নিতে হবে। অন্যদিকে, ওয়াশিংটনের প্রধান শর্ত হলো-ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণভাবে খুলে দিতে হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল।