যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে তেহরানের দেওয়া প্রস্তাবকে ‘বৈধ’ এবং ‘অত্যন্ত দায়িত্বশীল’ বলে অভিহিত করেছে ইরান। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা বাঘাই সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইরানের প্রস্তাবগুলো ছিল একটি বড় সুযোগ, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার স্বার্থেই দেওয়া হয়েছিল।
বাঘাইয়ের মতে, যুদ্ধ বন্ধের জন্য ইরান যে দাবিগুলো উত্থাপন করেছিল তা ছিল ন্যায়সঙ্গত। ইরানের মূল দাবিগুলোর মধ্যে ছিল- চলমান যুদ্ধের স্থায়ী অবসান, অবরোধ ও সমুদ্রপথে ‘জলদস্যুতা’ (Piracy) বন্ধ করা, যুক্তরাষ্ট্রের চাপে বিভিন্ন ব্যাংকে অন্যায়ভাবে জব্দ করা ইরানি অর্থ ও সম্পদ অবিলম্বে মুক্তি দেওয়া।
বাঘাই আরও উল্লেখ করেন যে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং লেবাননসহ সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ছিল ইরানের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে দেওয়া আমাদের এই প্রস্তাবগুলো ছিল অত্যন্ত উদার এবং দায়িত্বশীল একটি পদক্ষেপ।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই শান্তি প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে এবং হরমুজ প্রণালির অচলাবস্থা কাটানোর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। বাঘাইয়ের এই বিবৃতি মূলত ট্রাম্পের সেই কঠোর অবস্থানের বিপরীতে ইরানের নৈতিক ও কূটনৈতিক অবস্থান জানান দেওয়ার একটি চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের এই বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলছে। সূত্র: আলজাজিরা
ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য: ট্রাম্প
আমি বলিনি ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প