'যুদ্ধবিরতিতে আরও শক্তিশালী হয়েছে আইআরজিসি'

যুদ্ধবিরতির সময়কালেই ইরানের সামরিক সক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতি আরও বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র জেনারেল সরদার মোহেবি বলেছেন, অতীতের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী আরও উন্নত, আরও প্রস্তুত এবং আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। তার দাবি, সাম্প্রতিক সংঘাত এবং যুদ্ধবিরতির সময়কালে অর্জিত অভিজ্ঞতা ইরানের সামরিক প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করেছে।

মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত থেকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হলো প্রতিপক্ষ সম্পর্কে সশস্ত্র বাহিনীর অপারেশনাল জ্ঞান ও বোঝাপড়ার উল্লেখযোগ্য বৃদ্ধি। তার ভাষায়, শত্রুর কৌশল, সক্ষমতা এবং কার্যক্রম সম্পর্কে এখন ইরানি বাহিনীর ধারণা আগের তুলনায় অনেক বেশি গভীর ও বিস্তৃত।

তিনি আরও সতর্ক করে বলেন, যদি প্রতিপক্ষ আবারও সামরিক সংঘাতের পথে ফিরে আসে, তাহলে ভবিষ্যৎ অভিযানের ধরন বর্তমানের চেয়ে ভিন্ন হবে। শুধু অপারেশনের প্রকৃতিই নয়, যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক পরিসর এবং ব্যবহৃত অস্ত্রের ধরনও পরিবর্তিত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

আইআরজিসির মুখপাত্রের দাবি, সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি এবং বিভিন্ন যুদ্ধ-পরিকল্পনা বিবেচনায় রেখে বাহিনীটি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। তার মতে, যেকোনো নতুন সংঘাত বা সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। সূত্র: আলজাজিরা