যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক সংলাপ আবারো ইতিবাচক ধারায় ফিরে এসেছে বলে দাবি করেছে একটি আঞ্চলিক সূত্র।
এর আগে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে ওয়াশিংটনের সাথে চলমান আলোচনা স্থগিত করার কথা জানিয়েছিল ইরানের আধাসরকারি রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দাবি নাকচ করে দিয়ে জানিয়েছেন, আলোচনা বন্ধ হয়নি, বরং তা অত্যন্ত 'দ্রুত গতিতে' সামনের দিকে অগ্রসর হচ্ছে।
গতকাল সোমবার (১ জুন) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লের সাথে এক টেলিফোন আলাপে ট্রাম্প তাঁর আশাবাদের কথা ব্যক্ত করেন। তিনি জানান, 'আগামী সপ্তাহের মধ্যেই' চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়ে ইরানের সাথে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।
আলোচনার গতিপ্রকৃতি নিয়ে ট্রাম্প আরও মন্তব্য করেন, "আজকে প্রক্রিয়ার মধ্যে কিছুটা ছন্দপতন বা ত্রুটি দেখা দিয়েছিল, তবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে—আমি অত্যন্ত দ্রুততার সাথে সেই পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।"
ট্রাম্পের ব্যাখ্যা অনুযায়ী, ইসরায়েল কর্তৃক লেবাননে হামলার কারণে ইরানের মনে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল, সেটাই ছিল আলোচনার টেবিলের মূল বাধা বা ত্রুটি।
এই উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি নিজে হিজবুল্লাহর সাথে যোগাযোগ করে তাদের গোলোবর্ষণ বন্ধ করতে বলেছি। এরপর আমি বিবিকে (ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু) ফোন করে তাকেও হামলা থামানোর নির্দেশ দিই। শেষ পর্যন্ত আমার কথায় দু পক্ষই একে অপরের ওপর আক্রমণ চালানো বন্ধ করেছে।"
উল্লেখ্য, এর আগে পেন্টাগনের সাথে চলমান আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছিল তেহরান। একই সাথে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে—ইরানের নেতৃত্বাধীন ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ অবরুদ্ধ করা এবং বাব এল-মান্দেবসহ অন্যান্য প্রধান সামুদ্রিক জলপথে জাহাজ চলাচল বিঘ্নিত করার পরিকল্পনা করছে।
মূলত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক হামলা এবং একই সময়ে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে দমনের নামে লেবাননের আরও অভ্যন্তরে ইসরায়েলি সেনা প্রবেশের নির্দেশের পরই তেহরানের পক্ষ থেকে আলোচনার টেবিল বয়কটের এই ঘোষণাটি এসেছিল। সূত্র: সিএনএন
‘তুমি উন্মাদ, সবাই তোমাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে ট্রাম্প