মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক ও উসকানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সাথে চলমান দ্বিপাক্ষিক আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শাফাক নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফার্স’ এক কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আলোচনার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সম্পূর্ণ নষ্ট করেছে এবং এর ফলে ভবিষ্যৎ আলোচনার ভাগ্য নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ‘তাসনিম’ দাবি করেছে, মার্কিন হুমকির প্রতিবাদে ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে আলোচনাস্থল ত্যাগ করেছে। তবে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ একজন কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানি প্রতিনিধিদল এখনো সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অবস্থান করছে এবং আলোচনা একেবারে ভেঙে যায়নি, বরং সাময়িকভাবে স্থগিত রয়েছে।
এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিকে কঠোর ভাষায় উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, আমেরিকার হুমকি যদি বাস্তবে কার্যকর হতো, তবে আজ তারা মধ্যপ্রাচ্যে এমন কূটনৈতিক ও সামরিক অচলাবস্থায় পড়ত না। ইরান এই ধরনের ফাঁপা হুমকিকে বিন্দুমাত্র গুরুত্ব দেয় না। ওয়াশিংটনকে সতর্ক করে তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির দাঁতভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রশাসন যত বেশি হুমকি দেবে, ইরান নিজের শক্তিবৃদ্ধিতে তত বেশি কাজ করবে।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হুঁশিয়ারিতে বলেছিলেন, সুইজারল্যান্ডের এই আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে। তিনি আরও দাবি করেছিলেন, ইরান যদি এই নৌপথ বন্ধের চেষ্টা করে তবে তার কঠোর পরিণতি হবে এবং সেক্ষেত্রে সুইজারল্যান্ডে থাকা ইরানি আলোচকরা ‘নিজেদের দেশেও ফিরতে পারবেন না।’ ট্রাম্পের এমন আপত্তিকর মন্তব্যের পরই আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তেহরান।