খামেনির জানাজায় সামনের সারিতে আইআরজিসি প্রধান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজে অংশ নেওয়া শীর্ষ ইরানি ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি।

ইরানের ফার্স নিউজ এজেন্সি ও অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শোকানুষ্ঠানের সামনের সারিতে অন্যান্য শীর্ষ ব্যক্তিদের সঙ্গে অবস্থান করছেন ভাহিদি। এ সময় উপস্থিত অনেককে তার সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

আইআরজিসির সর্বশেষ প্রধান মোহাম্মদ পাকপুর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের শুরুর দিকের হামলায় নিহত হন।

এর আগে ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধে তার পূর্বসূরি হোসেইন সালামি নিহত হওয়ার পর পাকপুরকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

আহমাদ বাহিদি ১৯৭০-এর দশকের শেষ দিকে আইআরজিসি প্রতিষ্ঠার শুরুর সময় থেকেই বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮০-এর দশকে তিনি গোয়েন্দা ও সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির অভিজাত কুদস ফোর্সের নেতৃত্বও দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: আলজাজিরা