মার্কিন বিমান হামলার জেরে দক্ষিণ ইরানের একটি বিশেষায়িত হাসপাতাল থেকে দুই শতাধিক রোগীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালটির আশপাশে ব্যাপক বোমাবর্ষণের কারণে চিকিৎসাসেবা কার্যত বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আহভাজ শহরে যুক্তরাষ্ট্রের হামলার পর বাঘাই স্পেশালাইজড হাসপাতালটি আর কার্যক্রম চালিয়ে যেতে পারছে না।
তবে এ ঘটনায় হাসপাতালের ভেতরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাসপাতালটির ব্যবস্থাপক ডা. মাজিদ বু'আজার আল জাজিরাকে জানান, হামলার কারণে অন্তত ২১১ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। তাদের মধ্যে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরাও ছিলেন।
হাসপাতালের এক কর্মী জানান, হামলার সময় অনেক রোগী অক্সিজেন ও ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। কেউ শিশুদের কোলে নিয়ে, কেউ হাতে স্যালাইনের ক্যানুলা নিয়েই, আবার কেউ হুইলচেয়ারে করে হাসপাতালের বাইরে আশ্রয় নিতে বাধ্য হন। হাসপাতালের চারপাশে ভারী বোমাবর্ষণের কারণে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্র: আলজাজিরা