ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে গত মে মাসে চালানো গোপন আলোচনায় ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেচিরভান বারজানিকে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে গোপন যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল ট্রাম্প প্রশাসন। প্রত্যক্ষ তথ্য জানা তিন সূত্রের বরাতে এমনই তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হয়ে আলোচনার টেবিলে থাকা মোহাম্মদ বাকের ঘালিবাফ ও আব্বাস আরাগচি সত্যিকার অর্থেই আইআরজিসির প্রতিনিধিত্ব করছেন কিনা, তা নিয়ে সংশয়ে পড়ে যায় মার্কিন কর্মকর্তারা। এই অনিশ্চয়তা থেকেই আইআরজিসি নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ খোঁজা শুরু করে ওয়াশিংটন।
অ্যাক্সিওসের তথ্যমতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অনুমোদন নিয়ে সে সময়কার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড ১০ মে নাগাদ ফোন করেন বারজানিকে। তাকে অনুরোধ জানানো হয় আইআরজিসি কমান্ডার জেনারেল আহমাদ ভাহিদির সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য।
১৪ মে এক নিরাপদ কলে ভাহিদির সঙ্গে কথা বলেন বারজানি। এ সময় তিনি জানতে চান, ইরানি আলোচকদের অবস্থানকে আইআরজিসি সমর্থন করে কিনা। প্রতিবেদনে উদ্ধৃত এক সূত্র অনুযায়ী জবাবে ভাহিদি বলেন, তিনি এবং পুরো আইআরজিসিই আলোচকদের অবস্থানের প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছেন এবং আলোচনার মাধ্যমেই এই সংকট সমাধান করাকে অগ্রাধিকার দিচ্ছেন তারা।
ভাহিদির এই বার্তা তাৎক্ষণিকভাবে গ্যাবার্ডকে জানান বারজানি, আর গ্যাবার্ড তা পরে হোয়াইট হাউজকে অবহিত করেন বলে জানিয়েছে প্রতিবেদনটি।
এরপর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, ইরাকি কুর্দিস্তানের রাজধানী এরবিলে মার্কিন ও ইরানি শীর্ষ আলোচকদের মধ্যে গোপন বৈঠক আয়োজনের ব্যবস্থা করবেন বারজানি। প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা প্রস্তাবটি একেবারে নাকচ না করলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষত ইরাকি কুর্দিস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হামলার আশঙ্কার কথাও তোলেন তারা। শেষ পর্যন্ত সেই বৈঠক আর অনুষ্ঠিত হয়নি।
আঞ্চলিক সূত্রগুলো অ্যাক্সিওসকে জানিয়েছে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছেন, তবে তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নতুন করে শুরু করতে সহায়তার প্রস্তাব দিয়ে হোয়াইট হাউজে বার্তা পাঠিয়েছেন বারজানি নিজেই।